শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ
পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন দেশের কলেজশিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে ‘গুগল এআই প্লাস’ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কলেজশিক্ষার্থীরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রতিদিন বিনা মূল্যে দ্বিগুণ পরিমাণ জেমিনাই ব্যবহারের পাশাপাশি ৪০০ গিগাবাইট অনলাইন স্টোরেজ পাবে। পাশাপাশি জেমিনাই অ্যাপ, জিমেইলে জেমিনাই, গুগল ফ্লো ও জেমিনাই নোটবুক ব্যবহারের সুযোগও পাবে শিক্ষার্থীরা। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।
গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কলেজশিক্ষার্থীদের এক বছরের জন্য ‘গুগল এআই প্রো’ প্ল্যান বিনা মূল্যে দেওয়া হবে। এর ফলে তারা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রতিদিন বিনা মূল্যে চার গুণ বেশি জেমিনাই ব্যবহারের পাশাপাশি ৫ টেরাবাইট অনলাইন স্টোরেজ পাবে।
শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে বিভিন্ন এআই প্ল্যান ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশেষ হাবও চালু করেছে গুগল। নতুন হাবটিতে জেমিনাই এআই সহকারী ও গুগল সার্চের বিভিন্ন এআই সুবিধা এক জায়গায় ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, হাবটিতে বিভিন্ন তথ্য গুছিয়ে রাখা, স্টাডি নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানোসহ অনুশীলনের জন্য কুইজে অংশগ্রহণের সুবিধাও পাওয়া যাবে।
গুগলের তথ্যমতে, শিক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ হাবটিতে জেমিনির বিভিন্ন সুবিধা কীভাবে কাজে লাগানো যায়, তা শেখার পাশাপাশি সেগুলো সহজে ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। ফলে পড়াশোনার জন্য আলাদা আলাদা টুল ব্যবহারের প্রয়োজন হবে না। গুগল এআই প্রো প্ল্যান ব্যবহার করা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ক্ষেত্রেও সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে।
সম্প্রতি জেমিনাইতে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে গুগল, যার মধ্যে স্টাডি নোটবুক অন্যতম। সুবিধাটি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিশ্লেষণ করে কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারে। এরপর সেই ঘাটতি পূরণের জন্য পাঠের বিষয়বস্তু তৈরি করে দেয়।
জেমিনাইয়ের আরেকটি সুবিধা হলো, ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন। সুবিধাটির মাধ্যমে কোনো বিষয় বোঝাতে জেমিনাই দ্রুত ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করতে পারে। এমনকি ব্যবহারকারীদের প্রশ্ন অনুযায়ী টেবিল, গ্রিড ও অন্যান্য ভিজ্যুয়াল উপাদানও তৈরি করে দিতে পারে এটি। ফলে জটিল কোনো বিষয় শুধু লেখা পড়ে নয়, দৃশ্যের মাধ্যমেও বোঝার সুযোগ পাওয়া যায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস