এআই যুগে ইউটিউবের নতুন বাস্তবতা, কর্মসংস্থানের সংকট নাকি নতুন সম্ভাবনার দ্বার

এআইয়ের কারণে ইউটিউবে অনেক চ্যানেল বন্ধ হচ্ছেছবি: জেমিনি এআই

২০২১ সালের পর থেকে এআই যখন সাধারণ মানুষের হাতে পৌঁছাতে শুরু করে, তখন থেকেই প্রযুক্তিবিশ্বে এক নতুন যুগের সূচনা হয়। প্রথম দিকে মানুষ এটিকে শুধু একটি স্মার্ট চ্যাটবট বা ছবি তৈরির সফটওয়্যার হিসেবে দেখলেও, ২০২৬ সালে এসে এআই আমাদের কাজ, শিক্ষা, ব্যবসা, বিনোদনসহ প্রায় সবকিছুর অংশ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে ডিপফেক ছবি ও ভিডিও–প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পর বড় বড় প্রযুক্তি কোম্পানি বাধ্য হয়েছে এমন সিস্টেম তৈরি করতে, যা বুঝতে পারে, কোনো কনটেন্টে মানুষের অংশগ্রহণ কতটা এবং কতটা এআইনির্ভর। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ইউটিউব ও ডিজিটাল কনটেন্টের জগতে।

এআইয়ের প্রধান ধরন

বর্তমানে এআইকে সাধারণত তিনটি স্তরে ভাগ করা হয়:

১. ন্যারো এআই: এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই। এটি একটি নির্দিষ্ট কাজ করতে পারে। যেমন—

•        ইউটিউব ভিডিও সাজেস্ট করা

•        গুগলে তথ্য খোঁজা

•        ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার

•        ছবি বা টেক্সট তৈরি করা

২. জেনারেল এআই: এটি এমন একটি পর্যায় যেখানে যন্ত্র মানুষের মতো যেকোনো বুদ্ধিভিত্তিক কাজ করতে সক্ষম হবে। গবেষকেরা এখন এ পর্যায়ে পৌঁছানোর জন্য কাজ করছেন।

৩. সুপার এআই: এটি একটি কাল্পনিক স্তর, যেখানে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। যদিও এটি এখনো বাস্তব হয়নি, তবু ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক এ স্তরকে ঘিরেই।

২০২৬ সালের ইউটিউব সংকট: কেন চ্যানেল বন্ধ হচ্ছে?

২০২৬ সালে ইউটিউব তাদের ইন–অথেনটিক কনটেন্ট বা অকৃত্রিম কনটেন্ট নীতিমালাকে আরও কঠোর করেছে।

বর্তমানে ইউটিউব সহজেই শনাক্ত করতে পারে—

•        ভিডিওতে কতটা মানুষের অংশগ্রহণ আছে

•        স্ক্রিপ্ট কতটা এআই-জেনারেটেড

•        ভয়েস কতটা রোবোটিক

•        ভিডিওগুলো রিপিটেটিভ বা স্প্যাম কি না

ফলে হাজার হাজার চ্যানেল হঠাৎ ডিমনিটাইজ বা টার্মিনেট হওয়ার অভিযোগ দেখা যাচ্ছে।

যেসব কারণে চ্যানেল ঝুঁকিতে পড়ছে:

•        একই ধরনের শিরোনাম ও থাম্বনেইল একাধিক ভিডিওতে বারবার ব্যবহার করা

•        দিনে ১০ থেকে ৩০টি এআই ভিডিও আপলোড করা

•        কেবল স্থির ছবি বা স্লাইডশো আর ভয়েস ওভার দিয়ে দীর্ঘ ভিডিও তৈরি করা

•        সম্পূর্ণ এআই ভয়েস ব্যবহার করা

•        অলটারড কনটেন্ট অপশনে এআই ব্যবহারের তথ্য গোপন করা।

বর্তমানে ইউটিউব ক্রিয়েটরদের জন্য অলটারড কনটেন্ট নামের একটি অপশন রেখেছে, যেখানে ভিডিওতে এআই ব্যবহারের তথ্য জানাতে হয়। এটি না করলে চ্যানেল ডিমনিটাইজ হওয়ার ঝুঁকি বাড়ছে।

এআইয়ের কারণে কোন চাকরিগুলো ঝুঁকির মুখে?

এআই প্রযুক্তি যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি কিছু পেশার জন্য বড় চ্যালেঞ্জও তৈরি করছে। এমন কিছু পেশার মধ্যে এখানে কিছু উল্লেখ করা হলো—

কন্টেন্ট রাইটার—এআই কয়েক সেকেন্ডে চিত্রনাট্য বা আর্টিকেল লিখে দিতে পারে। ফলে অনেক সাধারণ লেখালেখির কাজ কমে যাচ্ছে। তবে এআইয়ের লেখা অনেক সময় অনুমানযোগ্য এবং আবেগহীন হয়।

ভয়েস ওভার আর্টিস্ট—বর্তমানে এআই দিয়ে অত্যন্ত বাস্তবসম্মত ভয়েস তৈরি করা সম্ভব। ফলে কম বাজেটের অনেক প্রজেক্টে মানব কণ্ঠশিল্পীদের বদলে এআই ব্যবহার করা হচ্ছে।

ভিডিও এডিটর—যাঁরা শুধু স্টক ফুটেজ বা সাধারণ স্লাইডশো ভিডিও তৈরি করেন, তাঁদের জন্য এআই বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

গ্রাফিক ডিজাইনার—এআই ইমেজ জেনারেটর এখন কয়েক সেকেন্ডে পোস্টার, ব্যানার বা থাম্বনেইল তৈরি করতে পারে। ফলে সাধারণ ডিজাইনের কাজের চাহিদা কমতে পারে।

তাহলে কি মানুষের কাজ শেষ?

একেবারেই নয়। বিগত শিল্পবিপ্লবের সময়ও মনে করা হয়েছিল যে অগণিত মানুষ কাজ হারাবে। কিন্তু সেটা সেভাবে ঘটেনি, বরং নতুন দক্ষতার নতুন কাজের লোকের চাহিদা তৈরি হয়েছিল। তেমনি এআই নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি করছে।

এআই যুগে টিকে থাকার কার্যকর উপায়

১. মানুষের স্পর্শ যোগ করুন। এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি করলেও সেটিকে নিজের ভাষা ও অভিজ্ঞতা দিয়ে পরিবর্তন করুন। মানুষের লেখার ধরন পরিবর্তনশীল, যা এআই পুরোপুরি নকল করতে পারে না।

২. নিজের স্টাইল তৈরি করুন। চ্যাটজিপিটি বা অন্য এআই টুলকে নিজের লেখার স্টাইল শেখান। ইউনিক চিন্তা ও ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করলে কনটেন্ট আলাদা হয়ে ওঠে।

৩. ভয়েসে মানবিকতা রাখুন। শুধু এআই ভয়েস ব্যবহার না করে নিজের কণ্ঠ রেকর্ড করে ভয়েস চেঞ্জার ব্যবহার করা যেতে পারে। এতে রোবোটিক অনুভূতি কমে যায়।

৪. সৃজনশীল ভিডিও এডিটিং করুন। ভিডিওতে বাস্তব ফুটেজ, নিজস্ব রেকর্ডিং, অ্যানিমেশন ও এআই-জেনারেটেড ভিজ্যুয়ালের মিশ্রণ ব্যবহার করুন।

৫. স্বচ্ছতা বজায় রাখুন। ভিডিও তৈরির কাজের প্রক্রিয়া দেখান। এতে দর্শক ও প্ল্যাটফর্ম উভয়ের কাছেই বিশ্বাসযোগ্যতা বাড়ে।

ভবিষ্যৎ: ভয় নয়, প্রস্তুতির সময়

এআই কোনো জাদু নয়, আবার এটি মানুষের শত্রুও নয়। এটি এমন প্রযুক্তি, যা সঠিকভাবে ব্যবহার করলে মানুষের কাজকে আরও দ্রুত, দক্ষ ও সৃজনশীল করে তুলতে পারে। তবে যাঁরা শুধু শর্টকাট খুঁজবেন এবং পুরোপুরি এআইয়ের ওপর নির্ভর করবেন, তাঁদের জন্য ভবিষ্যৎ কঠিন হতে পারে। কারণ প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের আবেগ, সৃজনশীলতা ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প এখনো তৈরি হয়নি।

২০২৬ সালের এই নতুন ডিজিটাল বাস্তবতায় সবচেয়ে বড় শক্তি হবে—মানুষ ও এআইয়ের সঠিক সমন্বয়।

রেমিজিউস রেমী: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর