শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ

ছবিটি এআই দিয়ে তৈরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি কখনো এআইয়ের সঙ্গে কথোপকথনের একটা লিংক বন্ধুকে পাঠিয়েছেন? একদিন আসিফও (ছদ্মনাম) পাঠিয়েছিলেন। চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির চ্যাটটা তিনি ‘শেয়ার লিংক’ দিয়ে বন্ধুকে দিলেন। ভাবেননি, লিংকটা আসলে সবার জন্য খোলা থাকতে পারে।

২০২৫ সালে চ্যাটজিপিটির এমন শেয়ার করা লিংক গুগল সার্চেও দেখা যায়। ওপেনএআইয়ের নিরাপত্তাপ্রধান ফিচারটিকে ‘অল্পদিনের পরীক্ষা’ বলে সরিয়ে নেন। হেল্প নেট সিকিউরিটির মতে, গ্রকের কয়েক লাখ কথোপকথনও গুগলে মিলেছিল। গত জুলাইয়েও ফরচুনের প্রতিবেদন অনুযায়ী ক্লডের শেয়ার করা কথোপকথন গুগল ও বিংয়ে দেখা গেছে। অ্যানথ্রপিকের বক্তব্য, শেয়ার করার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে, আর তারা সার্চ ইঞ্জিনকে চ্যাট-তালিকা বা সাইটম্যাপ দেয় না।

আবার এখন চ্যাটবটের স্মৃতি বা মেমোরি আছে। গবেষকদের বর্ণনায় এক রকম স্মৃতি আপনি নিজে রাখতে বলেন, আরেক রকম আগের কথোপকথন থেকে চ্যাটবট নিজেই অনুমান করে রাখে।

ঝুঁকিটা কোথায়

চ্যাটজিপিটির ক্ষেত্রে দেখা গেছে, চ্যাট মুছে ফেললেও শেয়ার-লিংক থেকে যায়। আর খোলা লিংক খুঁজে পাওয়া যায়, তাই ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা থাকে। সব কোম্পানির ক্ষেত্রেই সতর্ক থাকা ভালো।

তাই ১. শেয়ারের আগে চ্যাটে নাম, ঠিকানা, পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য থাকলে মুছে নিন। ২. সেটিংসে গিয়ে শেয়ার-করা লিংক ও মেমোরি মাঝেমধ্যে যাচাই করুন/মুছে ফেলুন।

সুবিধা বনাম নিরাপত্তা নয়; বরং কে দেখতে পাবে, সেটা জেনে ব্যবহার করুন।

  • লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর