অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরির সুযোগ ফেসবুকে

অ্যানিমেটেড প্রোফাইল ছবিমেটা

বর্তমানের তুলনায় আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশের সুযোগ দিতে ফেসবুকে স্থির ছবি দিয়ে অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরির সুযোগ চালু করেছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেটা এআইয়ের সহায়তায় চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরির পাশাপাশি স্টোরি ও মেমোরিজের ছবি নতুনভাবে সাজানো যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

মেটার তথ্য অনুযায়ী, অ্যানিমেটেড প্রোফাইল ছবির মাধ্যমে স্থির ছবিতে মোশন ইফেক্ট যুক্ত করা যাবে। এতে ছবির ব্যক্তি হাত নাড়ানো, হার্ট শেপ তৈরি করা বা ভার্চ্যুয়াল পার্টি হ্যাট পরার মতো অ্যানিমেশনে দেখা যাবে। উন্নত মানের অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরির জন্য ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি ব্যবহার করতে হবে। ব্যবহারকারীরা মুঠোফোনের গ্যালারি বা ফেসবুকে আগে থেকে থাকা ছবি নির্বাচন করেও অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরি করতে পারবেন।

মেটা এআইয়ের সহায়তায় তৈরি ‘রিস্টাইল’ নামের এআই টুলটির মাধ্যমে স্টোরি ও মেমোরিজে আপলোড করা ছবিকে নতুন রূপ দেওয়া যাবে। এ জন্য স্টোরিতে ছবি যোগ করার পর বা মেমোরিজ শেয়ার করার সময় ‘রিস্টাইল’ অপশনে গিয়ে প্রম্পট লিখতে হবে বা নির্ধারিত থিম বেছে নিতে হবে। থিমগুলোর মধ্যে রয়েছে অ্যানিমেশন, ইলাস্ট্রেটেড, উজ্জ্বল বা স্বপ্নিল ধরনের বিভিন্ন স্টাইল। পাশাপাশি আলো, রং ও মোডস পরিবর্তনের সুযোগ মিলবে। চাইলে সমুদ্রসৈকত বা শহরের দৃশ্যের মতো নতুন ব্যাকগ্রাউন্ডও যুক্ত করা যাবে।

টেক্সট বার্তাকে আরও আকর্ষণীয় করতে যুক্ত করা হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডের সুবিধা। নতুন রেইনবো আকৃতির ‘এ’ আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা ঝরতে থাকা পাতা কিংবা ঢেউখেলানো সমুদ্রের মতো চলমান দৃশ্য বেছে নিতে পারবেন। ফেসবুক জানিয়েছে, শিগগিরই ঋতুভিত্তিক ব্যাকগ্রাউন্ডও যুক্ত হবে।
সূত্র: মেটা, টেক ক্রাঞ্চ