জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যেসব সুবিধা পাওয়া যাবে

ছবি: গুগল

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই চ্যাটবট জেমিনাই নিয়মিত ব্যবহার করেন অনেকেই। তবে একই সময় একাধিক কাজের নির্দেশনা দিলে সুনির্দিষ্ট তথ্য জানতে বেশ কিছু সময় প্রয়োজন হয় জেমিনাইয়ে। এ সমস্যা সমাধানে জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস হালনাগাদ করেছে গুগল। নতুন এই হালনাগাদের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ বর্তমানের তুলনায় সহজে নির্বাচন করা যাবে। পাশাপাশি অ্যাপটিতে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, জেমিনাই অ্যাপ ব্যবহারকারীদের আগে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে প্রথমে একটি থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো। এখন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চলবে এবং অতিরিক্ত বিশ্লেষণ প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন বেছে নিতে পারবেন। ফলে আগের তুলনায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধাও যুক্ত করছে গুগল। সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই অ্যাকাউন্ট মেনু থেকে কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা নিজেরা নির্ধারণ করতে পারবেন।

কয়েক মাস ধরে গুগল ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তির সুবিধা উন্নত করছে। নতুন এই হালনাগাদ সেই ধারাবাহিকতার অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের জন্য সুবিধাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে গুগল।

সূত্র: গ্যাজেটস৩৬০