পেন্টাগনের সঙ্গে চুক্তির প্রতিবাদে পদত্যাগ করলেন ওপেনএআইয়ের হার্ডওয়্যার বিভাগের প্রধান
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপনীয় সরকারি নেটওয়ার্কে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহারের চুক্তি করে বেশ ভালোই বিপাকে পড়েছে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই। গত সপ্তাহে চুক্তির বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ার পাশাপাশি কয়েক লাখ ব্যবহারকারী চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন বাতিল করেছেন। এবার পেন্টাগনের সঙ্গে চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ওপেনএআইয়ের হার্ডওয়্যার বিভাগের প্রধান ক্যাটলিন কালিনোস্কি।
ক্যাটলিন কালিনোস্কি জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে ওপেনএআইয়ের বিতর্কিত চুক্তির কারণেই তিনি প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর মতে, জাতীয় নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিচার বিভাগীয় তত্ত্বাবধান ছাড়া আমেরিকানদের ওপর নজরদারি এবং মানুষের অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আরও বিবেচনার দাবি রাখে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাতে অগমেন্টেড রিয়েলিটির চশমা তৈরিতে নেতৃত্ব দেওয়া কালিনোস্কি ২০২৪ সালের নভেম্বরে ওপেনএআইয়ে যোগ দেন। তাঁর নেতৃত্বেই রোবটসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য তৈরির কাজ করছিল ওপেনএআই।
প্রসঙ্গত, চুক্তির আওতায় ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিজেদের বিভিন্ন দপ্তরে ব্যবহার করবে পেন্টাগন। তবে অনেকেই অভিযোগ করেছেন, সামরিক খাতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ওপেনএআই পরোক্ষভাবে মার্কিন সামরিক কার্যক্রমকে সমর্থন করছে।
সূত্র: টেক ক্র্যান্চ