জিমেইলে যুক্ত হচ্ছে এআই ইনবক্স, বদলাতে পারে ই-মেইল ব্যবহারের ধরন

জিমেইলছবি: গুগল

স্মার্টফোনে জিমেইল ব্যবহারকে আরও সহজ করতে ‘এআই ইনবক্স’–সুবিধা চালু করছে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জিমেইল অ্যাপে যুক্ত হওয়া এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজেদের বিভিন্ন কাজ ব্যবস্থাপনার সুবিধা পাবেন। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গুগল এআই আলট্রা ব্যবহারকারীদের জন্য ‘এআই ইনবক্স’ সুবিধাটি চালু করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটু ফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের নিচের নেভিগেশন বারে থাকা ‘মেইল’, ‘চ্যাট’ ও ‘মিট’ অপশনের পাশে নতুন এআই ইনবক্স দেখা যাবে। এটি চালু করলে ব্যবহারকারীদের সামনে প্রথমেই ভেসে উঠবে করণীয় কাজের তালিকা এবং গুরুত্বপূর্ণ আলোচনার সংক্ষিপ্ত তথ্য, যা ব্যবহারকারীদের দ্রুত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করবে। প্রচলিত ইনবক্সে সাধারণত ধারাবাহিকভাবে ই–মেইলের তালিকা দেখা যায়। তবে নতুন এআই ইনবক্সে গুরুত্ব দেওয়া হয়েছে করণীয় কাজ, জরুরি হালনাগাদ ও আলোচনার সারসংক্ষেপের ওপর। এর ফলে অপ্রয়োজনীয় ই–মেইল দেখার সময় কমবে এবং গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা সহজ হবে।

এআই ইনবক্সে ‘সাজেস্টেড টু-ডু’–সুবিধার মাধ্যমে ই-মেইল বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করণীয় তালিকায় দেখা যাবে। ফলে আলাদা করে করণীয় কাজের তথ্য নোট করে রাখার প্রয়োজন হবে না। এ ছাড়া ‘টপিকস টু ক্যাচ আপ অন’–সুবিধার মাধ্যমে বিভিন্ন ই-মেইল থ্রেড ও আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে জানা যাবে। ফলে দীর্ঘ কথোপকথন না পড়েও দ্রুত গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য জানার সুযোগ মিলবে।
গুগলের তথ্যমতে, এআই ইনবক্স মূলত দৈনন্দিন কাজের গতি বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া, প্রকল্পের অগ্রগতি তুলে ধরা, সহকর্মীদের সঙ্গে ফাইল শেয়ার ও প্রস্তাবনার খসড়া তৈরি করা আরও সহজ হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া