অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন এআই টুল আনছে মেটা
অনলাইন প্রতারণা থেকে নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নতুন এআই টুল চালুর উদ্যোগ নিয়েছে মেটা। এক ঘোষণায় মেটা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতারকেরা বিভিন্ন কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের প্রতারণা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
মেটার তথ্যমতে, নতুন এআই টুলটি বিভিন্ন তারকা বা প্রতিষ্ঠানের ছদ্মবেশে অনলাইন প্রতারণার ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। ফলে সহজেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রতিক্রিয়া, প্রোফাইলের বিভ্রান্তিকর তথ্য বা জনপ্রিয় তারকাদের সঙ্গে সন্দেহজনক পরিচিতির মতো বিষয়গুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়া প্রতারণামূলক লিংক এবং ভুয়া ডোমেইন ব্যবহারের ঘটনাও শনাক্ত করতে পারে নতুন এআই টুলটি। এর ফলে প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধ করা বর্তমানের তুলনায় সহজ হবে।
নতুন এআই টুল চালুর পাশাপাশি ফেসবুকে সন্দেহজনক বন্ধুত্বের অনুরোধের ক্ষেত্রে সতর্কবার্তাও পাঠাবে মেটা। এ ছাড়া হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টসংক্রান্ত প্রতারণা প্রতিরোধে বিভিন্ন ধরনের সতর্কবার্তা দেখানো হবে। অনেক সময় প্রতারকেরা বিভিন্ন অজুহাতে ব্যবহারকারীদের কোড লিখতে বা কিউআর কোড স্ক্যান করতে বলেন। এর মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্ট অন্য একটি ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং প্রতারকেরা সেটির নিয়ন্ত্রণ পেয়ে যান। নতুন এ উদ্যোগের আওতায় কোনো অনুরোধ সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীকে আগে থেকেই সতর্ক করা হবে।
মেসেঞ্জারে এআইভিত্তিক প্রতারণা শনাক্তকরণ সুবিধা আরও বেশি দেশে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মেটা। এই সুবিধা সন্দেহজনক চাকরির প্রস্তাবের মতো প্রচলিত প্রতারণার ধরন শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস