এআই দিয়ে তৈরি স্প্যাম ও আধেয় শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ

টিকটকছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আধেয় (কনটেন্ট) ও স্প্যাম সহজে শনাক্তের জন্য অ্যাপের মধ্যে এআই হাব যুক্ত করেছে টিকটক। নতুন এই উদ্যোগের মাধ্যমে এআই দিয়ে তৈরি আধেয় সম্পর্কে ব্যবহারকারীরা আরও ভালোভাবে জানার পাশাপাশি স্প্যাম থেকে নিরাপদ থাকতে পারবেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।

টিকটকের এআই হাব
ছবি: টিকটক

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এআই হাবটি ইতিমধ্যে বাংলাদেশসহ বিশ্বজুড়ে চালু করা হয়েছে। এর ফলে টিকটক ব্যবহারকারীরা সরাসরি এআই দিয়ে তৈরি আধেয়সহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। নতুন এ সুবিধা দিতে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ জোটের সঙ্গে কাজ করছে টিকটক। এ ছাড়া নতুন একটি নীতিমালাও তৈরি করা হচ্ছে, যেখানে এআইয়ের টুলগুলো নিরাপদে ব্যবহারের কৌশল জানা যাবে।

ব্যবহারকারীদের এআই সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিভিন্ন তথ্য জানাতে গত বছর থেকে নোফিল্টার ও রাসবেরি পাই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে টিকটক। এই উদ্যোগের আওতায় টিকটকে স্প্যাম বার্তা নিষিদ্ধ করাসহ ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা হয়। চলতি বছরের প্রথম ৩ মাসেই ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক।