ইউটিউব শর্টসে এআই দিয়ে দ্রুত থাম্বনেইল তৈরির সুযোগ
শর্টসের জন্য দ্রুত পছন্দের থাম্বনেইল তৈরি ও থাম্বনেইল ব্যবস্থাপনা আরও সহজ করতে নতুন এআই টুল উন্মুক্ত করেছে ইউটিউব। টুলটি কাজে লাগিয়ে ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতাধীন আধেয় বা কনটেন্ট নির্মাতারা এখন থেকে শর্টসের জন্য তৈরি ভিডিওগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন। এর ফলে ভিডিওতে থাকা তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আকর্ষণীয় থাম্বনেইল যুক্ত করে দর্শকদের নজর কাড়ার সুযোগ বাড়বে।
ইউটিউবের ‘আস্ক স্টুডিও’তে থাম্বনেইল তৈরির এআই টুলটি যুক্ত করা হয়েছে। টুলটির মাধ্যমে ভিডিওর জন্য স্বয়ংক্রিয়ভাবে একাধিক পছন্দের থাম্বনেইল তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী থাম্বনেইলের রং এবং নকশা পরিবর্তন করা যাবে। এআই দিয়ে তৈরি থাম্বনেইল ভিডিওর বিষয়বস্তু এবং নির্মাতাদের নিজস্ব উপস্থাপনার ধরন অনুযায়ী তৈরি হবে।
ইউটিউব জানিয়েছে, কম্পিউটারে এখন ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা তিনটি ফ্রেমের মধ্যে একটি থাম্বনেইল হিসেবে নির্বাচন করা যাবে। আগে এ সুবিধা শুধু দীর্ঘ ভিডিওর জন্য থাকলেও এবার তা শর্টসে যুক্ত করা হয়েছে। কম্পিউটারে এ সুবিধা পাওয়া গেলেও মোবাইল অ্যাপে আগের মতোই ভিডিওর থাম্বনেইল নির্বাচন করতে হবে। এই সুবিধা শুধু নতুন ভিডিওর জন্য নয়, পুরোনো ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ইউটিউবের তথ্যমতে, প্রকাশিত ভিডিওর এআই থাম্বনেইল পরে পরিবর্তন বা নতুন করে যুক্ত করা যাবে। আর তাই কম্পিউটারে ইউটিউব স্টুডিওর কনটেন্ট বিভাগে গিয়ে নির্দিষ্ট ভিডিও নির্বাচন করে পছন্দের থাম্বনেইল আপলোড করতে হবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য টুলটি উন্মুক্ত করা হবে।
সূত্র: এনগ্যাজেট