ফেলোশিপ কর্মসূচি চালু ওপেনএআইয়ের, আবেদন কবে শুরু

ফেলোশিপ কর্মসূচি চালু করেছে ওপেনএআইছবি: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে ‘এআই সেফটি ফেলোশিপ প্রোগ্রাম’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। নতুন এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের গবেষক ও বিশেষজ্ঞদের একত্র করে উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে এআই প্রযুক্তির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সম্ভাব্য ঝুঁকি ও অপব্যবহার নিয়ে উদ্বেগও। ফলে প্রযুক্তিটির নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল এআই উন্নয়নে গবেষণাভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতেই ফেলোশিপ কর্মসূচিটি চালু করেছে ওপেনএআই।

ওপেনএআই জানিয়েছে, এই ফেলোশিপে বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী আবেদনকারীরা অংশ নিতে পারবেন। এআই গবেষক ছাড়াও সাইবার নিরাপত্তা, সমাজবিজ্ঞান, প্রকৌশলসহ বিভিন্ন শাখার শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্যও সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। প্রার্থীদের ক্ষেত্রে বিশ্লেষণধর্মী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও গবেষণায় সক্রিয় আগ্রহকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচিত ফেলোরা অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে গবেষণা পরিচালনার সুযোগ পাবেন। পাশাপাশি অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগও থাকবে। কর্মসূচিটি সরাসরি ও রিমোট পদ্ধতিতেই পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলেতে একটি নির্ধারিত কর্মপরিসর থাকলেও অংশগ্রহণকারীরা চাইলে নিজ নিজ অবস্থান থেকেও কাজ করতে পারবেন। ফেলোশিপ চলাকালে অংশগ্রহণকারীরা এআই নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গবেষণায় যুক্ত থাকবেন। এর মধ্যে ডেটাসেট তৈরি, প্রয়োজনীয় প্রযুক্তিগত টুল উন্নয়ন ও গবেষণাপত্র প্রণয়নের মতো কাজ থাকবে। কর্মসূচি শেষে বাস্তবসম্মত ও কার্যকর গবেষণা ফলাফল অর্জনই এর প্রধান লক্ষ্য হবে।

অংশগ্রহণকারীদের জন্য আর্থিক ও কারিগরি সহায়তার ব্যবস্থাও রেখেছে ওপেনএআই। নির্বাচিত ফেলোরা কম্পিউটিংয়ের সুবিধা, ভাতা ও এপিআই ব্যবহারের সুযোগ পাবেন, যা তাঁদের গবেষণাকাজ নির্বিঘ্নে এগিয়ে নিতে সহায়ক হবে। ফেলোশিপে অংশ নিতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত বা পেশাগত ধারার বাধ্যবাধকতা রাখা হয়নি। ভিন্ন বিষয়ের আগ্রহীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। তবে আবেদনকারীদের শক্তিশালী গবেষণা দক্ষতা ও নিজস্ব ধারণা বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। আবেদনের প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি রেফারেন্স জমা দিতে হবে। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে।

আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়ে ফেলোশিপ কর্মসূচি চলবে ৫ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। বর্তমানে আবেদন গ্রহণ চলছে, যা শেষ হবে ৩ মে ২০২৬। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের নাম আগামী ২৫ জুলাই প্রকাশ করার কথা জানিয়েছে ওপেনএআই।

সূত্র: টেকক্লুসিভ ডট ইন