ক্রোম ব্রাউজারে যুক্ত হলো অটো ব্রাউজ, যে সুবিধা পাওয়া যাবে
ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ব্রাউজ’ সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ওয়েবসাইট চালুর পাশাপাশি দরকারি তথ্য ও ছবি খুঁজে দেবে ক্রোম ব্রাউজার। ফলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে কষ্ট করতে হবে না। গুগল জানিয়েছে, ক্রোম ব্রাউজারকে সাধারণ ব্রাউজার থেকে ডিজিটাল সহকারীতে রূপান্তর করতেই অটো ব্রাউজ সুবিধা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী গুগল এআই প্রো ও এআই আলট্রা ব্যবহারকারীরা পর্যায়ক্রমে সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
গত কয়েক বছর গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করলেও ক্রোম ব্রাউজারে স্বয়ংক্রিয় এআই ব্যবহারের পরিধি বেশ সীমিত ছিল। অটো ব্রাউজ সুবিধার মাধ্যমে প্রথমবারের মতো ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নির্দেশ অনুযায়ী নিজে থেকে কাজ করতে সক্ষম হবে। জেমিনি ৩ মডেলের ওপর ভিত্তি করে তৈরি অটো ব্রাউজ সুবিধাটি ক্রোম ব্রাউজারের জেমিনি সাইড প্যানেলের মাধ্যমে চালু করা যাবে। সুবিধাটি চালুর পর ব্যবহারকারীরা নির্দেশ দিলেই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে জানাবে ক্রোম ব্রাউজার।
গুগল জানিয়েছে, বিভিন্ন তারিখে হোটেল বা ফ্লাইটের ভাড়া তুলনা, অনলাইনে সাক্ষাৎকারের সময় নির্ধারণ, আকারে বড় ফরম পূরণ, কর–সংক্রান্ত নথি সংগ্রহ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নেওয়ার মতো কাজগুলো নিজেই করে দেবে অটো ব্রাউজ। এ ছাড়া বিল পরিশোধের হালনাগাদ তথ্য সংগ্রহ, অফিসের খরচের হিসাব জমা, নিবন্ধন ব্যবস্থাপনা বা ড্রাইভিং লাইসেন্স নবায়নের কাজেও এই সুবিধা ব্যবহার করা যাবে। আপাতত সীমিত পরিসরে চালু হলেও সময়সাপেক্ষ ও একঘেয়ে কাজের ক্ষেত্রে অটো ব্রাউজ সুবিধাটি বেশ কার্যকর।
গুগলের তথ্যমতে, প্রাথমিকভাবে ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারের পাশাপাশি আইফোন ও আইপ্যাডে অটো ব্রাউজ সুবিধা ব্যবহার করা যাবে। তবে সুবিধাটি চালুর জন্য ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং স্মার্টফোন ও কম্পিউটারে সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ