শুরু হচ্ছে ইনফিনিটি এআই বিল্ডফেস্ট প্রতিযোগিতা
তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, নির্মাতা ও উদ্ভাবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করতে আগামী ১২ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ শীর্ষক এআই প্রতিযোগিতা। ক্লাউডক্যাম্প বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতায় দেশ–বিদেশের এক হাজার ব্যক্তি ও ২০০টি দল অংশ নেবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্লাউডক্যাম্প বাংলাদেশ।
ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী–উজ–জামান জানান, ‘এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা ও সমস্যা সমাধানের বড় অংশ হয়ে উঠছে। দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬–এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তাঁরা এআই দিয়ে সমস্যা সমাধানের নির্দেশনা পাবেন এবং বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতা দেখাতে পারবেন।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ টিম ও ৫ প্রম্পট চ্যালেঞ্জ থেকে পাঁচজন চ্যাম্পিয়নসহ মোট ১৫টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কারসহ বিভিন্ন সুযোগ।
যেকোনো বয়স ও পেশার ব্যক্তিরা প্রতিযোগিতায় বিনা মূল্যে অংশ নিতে পারবেন। তবে এ জন্য প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হবে। এরপর প্রোফাইলের তথ্য পর্যালোচনা করে সম্ভাবনাময় ২০০টি দলকে সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা এ ঠিকানায় প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।