এআইইউবির শিক্ষার্থীদের এআই গবেষণায় সহায়তা করবে ব্রেইন স্টেশন ২৩
দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তিশিল্পের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় এআইইউবির শিক্ষার্থীরা তাঁদের থিসিস ও গবেষণায় শিল্প খাতের বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। শুধু তা–ই নয়, ব্রেইন স্টেশন ২৩–এর কাছ থেকে কারিগরি পরামর্শও পাবেন তাঁরা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রেইন স্টেশন–২৩।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় এআইইউবির গবেষণাগারে এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি–এজেন্ট সিস্টেম, ভিশন–ল্যাঙ্গুয়েজ সিস্টেম, আরএজিসহ বাংলাদেশের স্থানীয় চাহিদাভিত্তিক এআই সমাধান নিয়ে গবেষণা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা ব্রেইন স্টেশন ২৩–এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। দুই প্রতিষ্ঠান যৌথভাবে হ্যাকাথন, এআই কর্মশালা ও সেমিনার আয়োজন করবে এবং ক্যারিয়ার ও ইনোভেশন ফেয়ারেও অংশ নেবে।
এআইইউবির কনফারেন্স রুমে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন এআইইউবির সহ–উপাচার্য মো. আবদুর রহমান ও ব্রেইন স্টেশন ২৩–এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস। অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক দীপ নন্দী, ব্রেইন স্টেশন ২৩–এর এসবিইউর প্রধান আসিফ হক ও প্রযুক্তিবিদ মুনির হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আবদুর রহমান বলেন, ‘এআইইউবি সব সময় আধুনিক ও বিশ্বমানের প্রযুক্তিগত শিক্ষার প্রসারে কাজ করে আসছে। আমাদের ১২০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পিসি–সংবলিত তিনটি বিশেষায়িত ল্যাব ও সুপারকম্পিউটিং অবকাঠামো রয়েছে।’
এম জে ফেরদৌস বলেন, ‘এআই এখন শুধু গবেষণার বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। পড়াশোনার সময়েই শিক্ষার্থীরা যদি বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পান, তাহলে তাঁরা দেশ ও বিদেশে যেকোনো কাজের জন্য তৈরি থাকবেন। এআইইউবির সঙ্গে এই সমঝোতা স্মারক সেই পথে একটি বড় পদক্ষেপ।’