এআই–দক্ষতা যাচাইয়ের সনদ দেখানোর সুযোগ লিংকডইনে

এআই–দক্ষতা যাচাই করবে লিংকডইনছবি: রয়টার্স

পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এবার ব্যবহারকারীরা নিজেদের এআই-সংক্রান্ত দক্ষতার যাচাই করা সনদ প্রোফাইলে যুক্ত করার সুযোগ পাচ্ছেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন এআই টুল ব্যবহারে ব্যবহারকারীর বাস্তব সক্ষমতা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।

গত বুধবার এ বিষয়ে নতুন এক কর্মসূচির ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন। প্রতিষ্ঠানটির তথ্যমতে, জনপ্রিয় কয়েকটি এআই অ্যাপ ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের দক্ষতা মূল্যায়ন করা হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছে ভিডিও ও পডকাস্ট সম্পাদনার সফটওয়্যার ডেস্ক্রিপ্ট, কোডিং অ্যাপ লাভেবল ও রেপ্লিট এবং এআই এজেন্ট তৈরির প্ল্যাটফর্ম রিলে ডট অ্যাপ।

লিংকডইন জানিয়েছে, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের কাজের ধরন, টুল ব্যবহারের গভীরতা, তৈরি করা আউটপুটের মান ও সামগ্রিক দক্ষতা এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করবে। সেই বিশ্লেষণের ভিত্তিতে ব্যবহারকারীদের দক্ষতার সনদ দেওয়া হবে। তবে কোন মানদণ্ডে কাউকে দক্ষ হিসেবে বিবেচনা করা হবে কিংবা সনদ পেতে কী ধরনের সক্ষমতা দেখাতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। সনদ পাওয়া গেলে তা ব্যবহারকারীর লিংকডইন প্রোফাইলে অন্যান্য পেশাগত দক্ষতার সঙ্গে যুক্ত হয়ে দৃশ্যমান হবে। এতে নিয়োগদাতারা প্রার্থীর দক্ষতা সম্পর্কে আরও বাস্তবভিত্তিক ও যাচাই করা ধারণা পাবেন বলে মনে করছে লিংকডইন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসে এই কর্মসূচিতে আরও অংশীদার যুক্ত হবে। সম্ভাব্য অংশীদারদের তালিকায় রয়েছে গামা, গিটহাব ও জ্যাপিয়ার। একই সঙ্গে নতুন এই ‘ভেরিফায়েড স্কিলস’ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেও নিবন্ধনের আহ্বান জানিয়েছে লিংকডইন। এআই–দক্ষতার গুরুত্ব তুলে ধরে লিংকডইনের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট হরি শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, বর্তমান চাকরির বাজারে নিয়োগদাতারা যে প্রযুক্তির ওপর নির্ভর করছেন, সেখানে দক্ষতা ও এআই ব্যবহারের সক্ষমতা এখন সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন হয়ে উঠেছে। তিনি বলেন, বিশ্বাসযোগ্যতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ১০ কোটির বেশি পেশাজীবী লিংকডইনে নিজেদের পরিচয় যাচাই করেছেন। যাচাইকৃত দক্ষতা যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা বাস্তবে কী করতে পারেন, তা প্রমাণের আরও একটি উপায় পাচ্ছেন।

এআই–সংক্রান্ত দক্ষতার চাহিদা যে দ্রুত বাড়ছে, তা বিভিন্ন গবেষণায়ও উঠে এসেছে। শেখার প্ল্যাটফর্ম এডএক্সের গত আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের ১২ মাসে এআই–দক্ষতা উল্লেখ থাকা চাকরির বিজ্ঞাপনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। একই ধরনের তথ্য দিয়েছে ইনডিডের হায়ারিং ল্যাব। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনের প্রায় ৪ দশমিক ২ শতাংশে এআই–সম্পর্কিত শব্দের উল্লেখ ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রযুক্তি খাতে এআই–সংক্রান্ত দক্ষতার চাহিদা এখনো সবচেয়ে বেশি হলেও ব্যাংকিং ও বিপণনের মতো অন্যান্য খাতেও এই প্রবণতা বাড়ছে।

সূত্র: টেকক্রাঞ্চ