নিরাপত্তা উদ্বেগের মধ্যেই নতুন এআই অ্যাসিস্ট্যান্ট আনল ওপেনএআই
ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ডটস’ উন্মোচন করেছে ওপেনএআই। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তবে নতুন এই এআই সহকারী এমন সময়ে আনা হলো, যখন এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড এবং নিরাপত্তাঝুঁকি নিয়ে ওপেনএআই নিজেই সমালোচনার মুখে রয়েছে।
অনুষ্ঠানে ডটসকে সব সময় সক্রিয় থাকা এবং ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম এআই এজেন্ট হিসেবে তুলে ধরেন অল্টম্যান। তাঁর ভাষায়, ‘আপনি যা ভাবতে পারেন, তার প্রায় সবকিছুই করতে পারবে ডটস।’
ওপেনএআইয়ের তথ্যমতে, ব্যবহারকারীরা কোনো কাজের দায়িত্ব দেওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে ডটস। ফলে চাইলেই ডটসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি, তথ্য খোঁজা, নথি প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন কাজের পরিকল্পনা করা যাবে। এ বিষয়ে অল্টম্যান বলেন, ‘আপনি শুধু আপনার ডটসকে একটি দায়িত্ব দেবেন। এরপর ডটস নিজে থেকেই কাজ শুরু করবে এবং কাজ চালিয়ে যাবে।’
অনুষ্ঠানে একটি ভিডিওতে ডটসের বিভিন্ন ব্যবহার তুলে ধরা হয়। সেখানে ব্যবহারকারীদের নিজেদের ডটসের সঙ্গে কথা বলতে এবং সেগুলোর নাম দিতে দেখা যায়। এরপর তারা ডটসকে বিভিন্ন কাজ করার দায়িত্ব দেন। এর মধ্যে ওয়েবসাইট তৈরি এবং সন্তানদের স্কুলের পরের কার্যক্রমের জন্য বুকিং দেওয়ার মতো কাজও ছিল।
ডটস উন্মোচনের এক দিন আগে অভ্যন্তরীণ পরীক্ষায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা এআই মডেলের উন্মোচন পিছিয়ে দেয় ওপেনএআই। এ বিষয়ে অল্টম্যান জানিয়েছেন, ডটসের ক্ষেত্রে ব্যবহারকারীর নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, ডটস কী ধরনের কাজ করতে পারবে এবং কোন কাজের আগে তাদের অনুমতি নিতে হবে। তবে পাসওয়ার্ড পরিবর্তন বা স্থায়ীভাবে কোনো তথ্য মুছে ফেলার মতো সংবেদনশীল কাজের জন্য ব্যবহারকারীদের অনুমতি প্রয়োজন হবে।
সূত্র: বিবিসি