গানের প্লেলিস্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে ইউটিউব
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্লেলিস্ট তৈরির নতুন টুল চালু করেছে ইউটিউব। টুলটি চালুর ফলে ব্যবহারকারীরা কী ধরনের গান শুনতে চান, তা কয়েকটি শব্দে লিখে বা কণ্ঠের মাধ্যমে জানালেই স্বয়ংক্রিয়ভাবে সেই অনুযায়ী একটি প্লেলিস্ট তৈরি করে দেবে ইউটিউব। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণের প্রিমিয়াম গ্রাহকেরা পর্যায়ক্রমে সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
ইউটিউবের তথ্য অনুযায়ী, নতুন এই টুল ব্যবহারকারীদের গান খোঁজা কিংবা সময় নিয়ে প্লেলিস্ট সাজানোর ঝামেলা কমাবে। নির্দিষ্ট কোনো থিম অনুযায়ী মুহূর্তের মধ্যেই তৈরি করা যাবে ব্যক্তিগত প্লেলিস্ট। এআইনির্ভর মিউজিক সুবিধা নিয়ে ইউটিউবের উদ্যোগ অবশ্য নতুন নয়। গত বছরের জুলাইয়ে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে একটি টুল চালু করেছিল, যেখানে নির্দেশনা দিয়ে ব্যবহারকারীরা নিজেদের মতো করে রেডিও স্টেশন তৈরি করতে পারতেন। নতুন প্লেলিস্ট জেনারেটরকে সেই ধারণার আরও পরিশীলিত সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। এবার এটি বড় পরিসরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এআই টুলটি ব্যবহার করতে প্রিমিয়াম গ্রাহকদের ইউটিউব অ্যাপের ‘লাইব্রেরি’ ট্যাবে যেতে হবে। সেখানে ‘নিউ’ বাটনে চাপ দিয়ে ‘এআই প্লেলিস্ট’ অপশন নির্বাচন করা যাবে। এরপর লেখা বা কণ্ঠের মাধ্যমে ব্যবহারকারীকে নিজের পছন্দ অনুযায়ী নির্দেশনা দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই এআই সেই বর্ণনার ভিত্তিতে একটি প্লেলিস্ট তৈরি করে দেবে। ইউটিউবের তথ্য অনুযায়ী, পছন্দের গান খোঁজার অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও ব্যক্তিগত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে থেকে তৈরি প্লেলিস্ট ঘেঁটে সময় নষ্ট না করে ব্যবহারকারীরা মুহূর্তের অনুভূতি অনুযায়ী গান শুনতে পারবেন।
গুগলের কাছে সাবস্ক্রিপশন–ভিত্তিক সেবা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল ওয়ান ও ইউটিউব প্রিমিয়ামসহ বিভিন্ন সেবায় তাদের মোট অর্থ প্রদানকারী গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৫০ লাখে। এরই ধারাবাহিকতায় অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম গ্রাহকদের জন্য এআই টুলটি চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস