ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট

ক্লড চ্যাটবটের ভুলের কারণে একজন অধ্যাপকের নোট মুছে গেছেছবি: ক্লড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় দৈনন্দিন অনেক কাজ সহজ হয়ে উঠেছে। তবে এআইকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে রাখলে কখনো কখনো গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম বাউডের সঙ্গে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। পুরোনো লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লডকে নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু কাজটি করতে গিয়ে ক্লড মুছে ফেলে তাঁর এক বছরের লেকচার নোট এবং চলতি শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ফাইল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডেক্সার্তোর এক প্রতিবেদনে এ ঘটনা প্রকাশিত হয়েছে। অধ্যাপক বাউড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, দুপুরের খাবার খেতে যাওয়ার আগে ক্লডকে পুরোনো সংবিধানবিষয়ক আইনের লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে বলেছিলেন। কিন্তু ফিরে এসে দেখেন, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফাইল মুছে গেছে। এর মধ্যে ছিল এক বছরের ক্লাস নোট এবং ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচি।

পরে ড্রপবক্সের সহায়তায় মুছে যাওয়া সব ফাইল পুনরুদ্ধার করতে সক্ষম হন অধ্যাপক বাউড। তবে এ ঘটনা কম্পিউটারের ফাইল ব্যবস্থাপনায় এআই সহকারীদের কতটা স্বাধীনতা দেওয়া উচিত, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এক্সে দেওয়া পোস্টের সঙ্গে ক্লডের কথোপকথনের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন অধ্যাপক বাউড। সেখানে দেখা যায়, চ্যাটবটটি নিজেই ফাইল মুছে ফেলার কথা স্বীকার করেছে। ক্লডের ভাষ্য অনুযায়ী, ভুল করে অধ্যাপকের ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচির ডক ফাইল এবং ২০২৩ সালের সংবিধানবিষয়ক আইনের ক্লাস নোটের মূল ফোল্ডারগুলো মুছে গেছে।

ক্লডের বার্তায় বলা হয়, ‘আমি ভুল করে আপনার ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচির ফাইল এবং ২০২৩ সালের ক্লাস নোটের সব মূল ফোল্ডার মুছে ফেলেছি। ফাইলগুলো এখনো পুনরুদ্ধার করা হয়নি।’

চ্যাটবটটি আরও জানায়, নথি যাচাইয়ের সময় একটি পৃষ্ঠাসংখ্যায় ভুল খুঁজে পেয়েছিল। তবে লেকচার নোটে কোনো পরিবর্তন আনার আগেই ফাইলগুলো মুছে যায়। পরে ড্রপবক্স থেকে ফাইলগুলো পুনরুদ্ধার করা সম্ভব কি না, তা অধ্যাপক বাউডের কাছে জানতে চায় ক্লড। প্রয়োজনে নিজেই ফাইলগুলো ফিরিয়ে আনার চেষ্টা করার কথাও জানায়।

অধ্যাপক বাউড পরে স্পষ্ট করেন, ক্লডকে ফাইল গোছানো বা নতুন করে সাজানোর কোনো নির্দেশনা দেননি তিনি। পুরোনো এক সেট লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করাই ছিল তাঁর একমাত্র নির্দেশনা।

ড্রপবক্সের সহায়তায় সব ফাইল পুনরুদ্ধারের কথা জানিয়ে পরে এক্সে আরেকটি পোস্ট দেন অধ্যাপক বাউড। সেখানে তিনি লেখেন, ‘ড্রপবক্সের সহায়তায় সব ফাইলই ফিরে পেয়েছি। তবে বিষয়টি অন্যদের সতর্ক করার জন্য প্রকাশ্যে জানানো প্রয়োজন বলে মনে করেছি।’

ঘটনার সময় ক্লডের কোন সংস্করণ ব্যবহার করছিলেন, তা জানাননি অধ্যাপক বাউড। ঠিক কী কারণে চ্যাটবটটি ফাইলগুলো মুছে ফেলেছিল, সেটিও এখনো জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে