ওপেনএআইয়ের নতুন এআই মডেলে তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কেন

বিভিন্ন ফাইল মুছে ফেলার অভিযোগ উঠেছে ওপেনএআইয়ের নতুন এআই মডেলের বিরুদ্ধেফাইল ছবি: রয়টার্স

ওপেনএআইয়ের তৈরি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি–৫.৬ সল’ নিয়ে প্রযুক্তি অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। গত সপ্তাহে উন্মুক্ত করার পর থেকেই এআই মডেলটির বিরুদ্ধে অনুমতি ছাড়া ব্যবহারকারীদের ফাইল, গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যভান্ডার মুছে ফেলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও রেডিটে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই মডেলটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ফাইল মুছে ফেলেছে।

কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, জিপিটি–৫.৬ সল মডেলটি এমন কিছু তথ্য ব্যবহার করছে, যা তাঁরা কখনোই মডেলটিকে দেননি। এআই স্টার্টআপ আদারসাইডএআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাট শুমার এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘জিপিটি–৫.৬ সল ভুল করে আমার ম্যাক কম্পিউটারের প্রায় সব ফাইল মুছে ফেলেছে।’ পোস্টটি দ্রুতই প্রযুক্তি অঙ্গনে আলোচনার জন্ম দেয়। ডেভেলপার জোয়ি কুডিশ লিখেছেন, ‘মডেলটি এমন কিছু ফাইল মুছে ফেলেছে, যেগুলো মুছে ফেলার কথা ছিল না। আমার ব্যাকআপ ছিল, তাই বড় ক্ষতি হয়নি। কিন্তু বিষয়টি মোটেও স্বস্তিদায়ক নয়। সলকে আরও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’

অভিযোগের বিষয়ে এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান লিখেছেন, ‘জিপিটি–৫.৬ সলের ব্যবহার অবিশ্বাস্য গতিতে বাড়ছে। চাহিদা সামাল দিতে আমাদের ইনফারেন্স দল অসাধারণ কাজ করছে। সক্ষমতা আরও বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এ সময় কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে।’

বিশেষজ্ঞদের মতে, একটি এআই মডেলের আচরণে সফটওয়্যার, অনুমতির ধরন, ব্যবহারকারীর নির্দেশনা ও অন্যান্য প্রযুক্তিগত বিষয়ও প্রভাব ফেলতে পারে। ফলে অভিযোগগুলোর প্রকৃত কারণ জানতে আরও তথ্য প্রয়োজন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস