শিক্ষার্থীদের শিল্প খাতের উপযোগী করে গড়ে তুলতে রাইজের এআই ক্যাম্প

এআই ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাসংগৃহীত

দেশের বিভিন্ন শিল্প খাতে ক্রমান্বয়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার। নিয়োগদাতারাও খুঁজছেন এআই প্রযুক্তিতে দক্ষ কর্মী। আর তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কাজের উপযোগী করে গড়ে তুলতে সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে এআই ক্যাম্প। মোবাইল অপারেটর বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল হাব ‘রাইজ’–এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শিক্ষার্থীদের হাতে–কলমে এআই ব্যবহারের কৌশল শেখানোর পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও শিল্প খাতে কর্মীদের কাছ থেকে নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতার মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে এই এআই ক্যাম্প আয়োজন করা হয়েছে। ইউআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শিক্ষার্থীদের এআই প্রযুক্তি ব্যবহারের ওপর অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি এআই প্রযুক্তি কীভাবে ক্যারিয়ার, কাজের ক্ষেত্র ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোকপাত করা হয়।

এআই ক্যাম্প আয়োজনের বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার গড়ে তুলতে শুধু বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা। রাইজ এআই ক্যাম্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিল্প খাতের প্রত্যাশা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা দিতে ও সামনে থাকা সুযোগগুলোর জন্য তাঁদের প্রস্তুত করে তুলতে চাই।’

এআই ক্যাম্পে বিভিন্ন কর্মশালা পরিচালনা করেন বাংলালিংকের হেড অব রাইজ কে এম রায়হান, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান, রাইজের সেলস ডিরেক্টর মো. ফরহাদ হোসেন, ডিজিটাল মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার আলা উদ্দিন প্রমুখ।