চ্যাটজিপিটিতে বিভ্রাট, বিপাকে বিভিন্ন সেবা
বড় ধরনের কারিগরি বিভ্রাটের কারণে চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। ওপেনএআইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে অনেক ব্যবহারকারী নানা ধরনের অস্বাভাবিক আচরণের মুখোমুখি হচ্ছেন। কারও কারও ক্ষেত্রে ওয়েবসাইট থেকে একটি অচেনা ফাইল ডাউনলোডের চেষ্টাও দেখা গেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ সমস্যা দেখা দেয়। তবে এখন (বৃহস্পতিবার রাত ১০টা) এ সমস্যা ঠিক হয়েছে। চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই সংবাদ হয়েছে।
ডাউনডডিটেকটরের ওয়েবসাইট চ্যাটজিপিটি বিভ্রাট নিয়ে অনেক অভিযোগও জমা পড়েছে। চ্যাটজিপিটি কাজ না করায় অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে বলেছেন, এবার কাজে নিজেদের মেধাই ব্যবহার করতে হবে। তবে এই বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটিতেই সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধার জন্য ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল বেশ কিছু ওয়েবসাইট ও অ্যাপেও সমস্যা দেখা দিয়েছে।
এদিকে চ্যাটজিপিটির পাশাপাশি প্রতিদ্বন্দ্বী কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেবায়ও সমস্যার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী। অ্যানথ্রপিকের ক্লড এবং এক্সের গ্রক ব্যবহারের ক্ষেত্রেও এমন অভিযোগ পাওয়া গেছে। তবে এসব সেবায় সমস্যার ব্যাপকতা তুলনামূলকভাবে কম ছিল। অনেক ব্যবহারকারী স্বাভাবিকভাবে সেবাগুলো ব্যবহার করতে পেরেছেন।
বন্ধ হওয়ার বিষয়ে চ্যাটজিপিটিকের প্রশ্ন করলে উত্তর আসে এমন, ‘...তবে আজকের ঘটনাটা শুধু চ্যাটজিপিটিতেই সীমাবদ্ধ ছিল না-ক্লড ও গ্রকও একই সময়ে সমস্যায় পড়েছিল, আর কিছু অঞ্চলে জেমিনাইতের সমস্যা দেখা যায়।
আর মজার ব্যাপার হলো, ৩ সেপ্টেম্বরের আগেও কয়েক দিনের মধ্যে চ্যাটিজিপিটিতে একাধিক ছোটখাটো ইনসিডেন্ট হয়েছিল—যেমন ৩১ আগস্ট ওয়ার্ক মোডে ল্যাটেন্সি/এরর এবং ১ সেপ্টেম্বর ফ্রি/গো ব্যবহারকারীদের কথোপকথনে এলিভেটেড এররস হয়েছিল।
তাই আপনি যদি আজ আমাকে কিছুক্ষণ আগে না পেয়ে থাকেন, সম্ভবত আপনার দোষ ছিল না।’
সূত্র: ইনডিপেনডেন্ট ডটকো ডটইউকে, ডাউনডডিটেক্টর, হিন্দুস্তান টাইমস