অনলাইনে এআইয়ের লেখা পড়ে হট স্প্রিংস দেখতে গিয়ে বিপাকে পর্যটকেরা
অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ তার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সম্প্রতি একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা পড়ে বিপাকে পড়েছেন অসংখ্য পর্যটক। এআই দিয়ে লেখায় উল্লেখ করা হট স্প্রিংস (উষ্ণ পানির প্রস্রবণ) দেখতে উত্তর-পূর্ব তাসমানিয়ার জঙ্গলে গিয়েছিলেন অনেক পর্যটক। কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তাঁরা দেখেন, সেখানে হট স্প্রিংসের কোনো অস্তিত্বই নেই, কখনো ছিলও না। অর্থাৎ সবই এআইয়ের কল্পনা।
জানা যায়, তাসমানিয়া ট্যুরসের ওয়েবসাইটে প্রকাশিত ব্লগে উত্তর-পূর্ব তাসমানিয়ার জঙ্গলে অবস্থিত ওয়েল্ডবরো হট স্প্রিংসের প্রশংসা করে বলা হয়েছিল, হট স্প্রিংসটি হাইকারদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা। যদিও বাস্তবে দেখা যায় ওয়েল্ডবরো একটি ছোট গ্রামীণ এলাকা, যেখানে এ ধরনের কোনো হট স্প্রিংস নেই। এ বিষয়ে তাসমানিয়া ট্যুরস পরিচালনা করা অস্ট্রেলিয়ান ট্যুরস অ্যান্ড ক্রুজের স্বত্বাধিকারী স্কট হেনেসি বলেন, ‘এআই সম্পূর্ণ ভুল করেছে। কনটেন্ট তৈরির দায়িত্ব অন্য প্রতিষ্ঠানকে দিয়েছিলাম আমরা। সাধারণত প্রতিটি পোস্ট যাচাই করা হলেও এই পোস্ট যাচাই করা হয়নি। এই ব্লগ যখন প্রকাশ করা হয়, তখন আমরা দেশের বাইরে ছিলাম। আসলে আমরা কোনো প্রতারক নই।’
ওয়েল্ডবরো হোটেলের মালিক ক্রিস্টি প্রোপার্ট জানিয়েছেন, গত সেপ্টেম্বর থেকে হঠাৎই পর্যটকেরা এসে তাঁকে হট স্প্রিংসে যাওয়ার রাস্তা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। প্রথমে দু-একজন ফোন করতেন, কিন্তু পরে দলে দলে মানুষ আসতে শুরু করেন। দিনে অন্তত পাঁচবার ফোন আসত আর দু-তিনজন সরাসরি হোটেলে চলে আসতেন। এখানে যে স্থানীয় ওয়েল্ড নদী আছে, তা আসলে অত্যন্ত শীতল। এই নদীতে মানুষ কেবল রত্নপাথর বা টিন খোঁজার জন্য ওয়েটস্যুট পরে নামে।
অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান হার্ডি জানান, বর্তমানে প্রায় ৩৭ শতাংশ পর্যটক ভ্রমণসংক্রান্ত পরামর্শের জন্য এআইয়ের ওপর নির্ভর করেন। এআই অনেক সময় এমন তথ্য দেয়, যার কোনো বাস্তব ভিত্তি নেই। গবেষণায় দেখা গেছে, এআই যেসব ভ্রমণ পরিকল্পনা তৈরি করে, তার ৯০ শতাংশের মধ্যেই ছোট-বড় ভুল থাকে। তাসমানিয়ার মতো দুর্গম এলাকায় যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে এ ধরনের ভুল তথ্য পর্যটকদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সূত্র: সিএনএন