চ্যাটজিপিটিতে নতুন সুবিধা
চ্যাটজিপিটিকে আরও বেশি কাজের উপযোগী করে তুলতে অ্যাপের মতো ইন্টারফেস ও অটোমেশন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে ওপেনএআই। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে অ্যাপ নির্মাতারা চ্যাটজিপিটির ভেতরেই নিজেদের অ্যাপের মতো ইন্টারফেস তৈরি করতে পারবেন। এর ফলে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা নিজেদের পছন্দের অ্যাপ বা সেবা চালু করে বিভিন্ন কাজ করতে পারবেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওপেনএআইয়ের ডেভডে অনুষ্ঠানে নির্মাতাদের জন্য বড় পরিসরে প্লাগ-ইন এক্সটেনশন ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই।
চ্যাটজিপিটিতে আগে থেকেই বিভিন্ন প্লাগ-ইন ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে স্ল্যাক, শেয়ারপয়েন্ট, এয়ারটেবল ও গুগল ড্রাইভের মতো বিভিন্ন সেবা চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা যায়। নতুন প্লাগ-ইন এক্সটেনশনের মাধ্যমে এসব সেবার জন্য চ্যাটজিপিটির সাইডবারে আলাদা জায়গা তৈরি করা যাবে। ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভেতর থেকেই প্রয়োজনীয় অ্যাপ খুঁজে দ্রুত ব্যবহার করতে পারবেন।
ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন প্লাগ-ইন এক্সটেনশনে ইন্টার্যাক্টিভ প্যানেলও তৈরি করা যাবে। অ্যাপগুলো যে ধরনের ফাইল সমর্থন করে, সেই ফাইলগুলোও যুক্ত করা যাবে ইন্টারফেসে। এর ফলে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় আলাদা করে অ্যাপ চালু না করেও প্রয়োজনীয় বিভিন্ন কাজ করা যাবে।
প্লাগ-ইন তৈরি ও ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াও সহজ করতে ‘প্লাগ-ইন ক্রিয়েটর’ নামে নতুন একটি টুলও চালু করেছে ওপেনএআই। টুলটি কাজে লাগিয়ে সহজে প্লাগ-ইন তৈরি করা যাবে। প্লাগ-ইন ডিরেক্টরিতে কোন প্লাগ-ইন ব্যবহারকারীদের সামনে দেখানো হবে, সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের কথোপকথনের সময় প্রাসঙ্গিক প্লাগ-ইনগুলো ব্যবহারের জন্য সুপারিশ করবে ওপেনএআই।
সূত্র: টেক ক্র্যান্চ