সুপার অ্যাপ তৈরির লক্ষ্য পূরণে চ্যাটজিপিটির নতুন মডেল আনল ওপেনএআই

চ্যাটজিপিটির নতুন মডেল ‘জিপিটি-৫.৫’ উন্মুক্ত করেছে ওপেনএআইওপেনএআই

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটির নতুন মডেল ‘জিপিটি-৫.৫’ উন্মুক্ত করেছে ওপেনএআই। আগের সব মডেলের তুলনায় বেশি শক্তিশালী হওয়ায় নতুন মডেলটিকে চ্যাটজিপিটির সবচেয়ে স্মার্ট ও সহজবোধ্য মডেল বলে অভিহিত করেছেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। শুধু তা–ই নয়, নতুন মডেলটি ওপেনএআইয়ের ‘সুপার অ্যাপ’ তৈরির পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, জিপিটি-৫.৫ মডেল বিভিন্ন কাজের উপযোগী করে নকশা করা হয়েছে। ফলে এজেন্টিক কোডিং ও নলেজ ওয়ার্কের মতো কাজের পাশাপাশি গণিত ও বৈজ্ঞানিক গবেষণার মতো আরও পরীক্ষামূলক এআই অ্যাপ্লিকেশনে মডেলটি সহায়তা করবে। এরই মধ্যে বিভিন্ন পরীক্ষায় উচ্চ সক্ষমতা প্রদর্শন করেছে মডেলটি।

ওপেনএআই দীর্ঘদিন ধরে চ্যাটজিপিটির জন্য সুপার অ্যাপ তৈরির পরিকল্পনা করছে, যা কোডেক্স এবং এআই ব্রাউজারকে একত্র করে বর্তমানের তুলনায় আরও বড় পরিসরে কাজ করতে পারবে। জিপিটি-৫.৫ মডেলটি দ্রুত ও তীক্ষ্ণ চিন্তাভাবনা করতে পারায় আগের মডেলগুলোর তুলনায় বড় পরিসরে কাজ করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে মানসম্পন্ন ও সঠিক ফলাফল জানাতে পারে। আর তাই নতুন মডেলটিকে সুপার অ্যাপ তৈরির বড় পদক্ষেপ বলে অভিহিত করছে ওপেনএআই।

প্রসঙ্গত, গত মাসেই চ্যাটজিপিটির সর্বশেষ মডেল ‘জিপিটি-৫.৩ ইনস্ট্যান্ট’ উন্মুক্ত করেছে ওপেনএআই। এর আগে ডিসেম্বরে এবং তারও আগে নভেম্বরে দুটি নতুন মডেল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেক ক্রাঞ্চ