এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে
ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের জন্য নতুন এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা। ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামের এই উদ্যোগের মাধ্যমে নিজেদের তৈরি বিভিন্ন এআই প্রযুক্তি ও সেবা ব্যবসাপ্রতিষ্ঠান ও সেগুলোর গ্রাহকদের সহজে ব্যবহারের সুযোগ দিতে চায় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে ডেটা প্ল্যাটফর্ম মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন সিজে দেশাইকে চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগও দিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মেটার তৈরি হালনাগাদ এআই মডেল, এজেন্ট ও বিভিন্ন প্রযুক্তি সহজে ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে এ উদ্যোগের আওতায় মেটার ব্যক্তিগত এআই সহকারী ‘মিউজ’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ‘মিউজ এপিআই’, ‘মিউজ কোড’সহ বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম পরিচালনা ও ব্যবসার প্রবৃদ্ধিতে মেটার তৈরি এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
মেটায় যোগ দেওয়ার বিষয়ে দেশাই জানান, আগামী কয়েক বছরে এআই সব ধরনের প্রতিষ্ঠানের উদ্ভাবন, ব্যবসার প্রবৃদ্ধি, গ্রাহকসেবা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে। উন্নত এআই মডেল ও এজেন্ট প্রযুক্তি তৈরির পাশাপাশি বিপুলসংখ্যক বিজ্ঞাপনদাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেটার। মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের লক্ষ্য হলো মেটার এআই প্রযুক্তিগুলোকে এমন পণ্য ও সেবায় রূপ দেওয়া, যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায় সরাসরি ব্যবহার করতে পারবে।
চলতি মাসের শুরুতে ‘মিউজ’ নামের ব্যক্তিগত এআই সহকারী চালু করেছে মেটা। ব্যবহারকারীর হয়ে ই–মেইল পাঠানো, ভ্রমণের বুকিং দেওয়াসহ বিভিন্ন কাজ করতে পারে এই এআই সহকারী। এবার মিউজসহ মেটার অন্য এআই প্রযুক্তিগুলো ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাতাদের জন্য উন্মুক্ত করতেই নতুন এ উদ্যোগ নিয়েছে মেটা।
সূত্র: টেক ক্রাঞ্চ