সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হচ্ছে। নদীভাঙন থেকে শুরু করে নানা জনস্বাস্থ্যবিষয়ক সমস্যার সমাধানে এআইকে ব্যবহারের বড় সুযোগ তৈরি হচ্ছে। এসব কাজে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে গ্রামীণফোন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো ফিউচারমেকারস প্রতিযোগিতার আয়োজন করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নানা ভাবনা ও ধারণাকে অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে তরুণদের বিভিন্ন উদ্ভাবনী সমাধান নিয়ে গতকাল মঙ্গলবার র্যাডিসন ব্লু হোটেলে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘এআই ফর সোশ্যাল গুড’। এবারের আয়োজনে দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে সাত হাজারের বেশি শিক্ষার্থী ১ হাজার ১০৩টি ধারণাপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর এআই–নির্ভর বিভিন্ন ধারণা নিয়ে কাজ করেন। ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা, সুরক্ষা ও ডেটার গোপনীয়তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে এআইয়ের ব্যবহার ও প্রয়োগের বিষয়ে শিক্ষার্থীরা ধারণা জমা দেন।
গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিল্প খাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
রেহান আসিফ আসাদ বলেন, ‘বিশ্বজুড়ে শিল্প খাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণেরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পান, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআইয়ের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, এ জন্য আমাদের তরুণদের শুধু নতুন নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণের পাশাপাশি বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায়, সেদিকে উৎসাহিত করতে হবে। ফিউচারমেকারসের মতো উদ্যোগের মাধ্যমে তরুণেরা তাঁদের ভাবনা প্রকাশের সুযোগ পাচ্ছেন।’
মো. এমদাদ উল বারী বলেন, ‘তরুণ উদ্ভাবকেরা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে এআই ব্যবহার করছেন, বিষয়টি সত্যিই উৎসাহব্যঞ্জক। দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে আমাদের কাজ করতে হবে।’ ইয়াসির আজমান বলেন, ‘আমাদের তরুণদের অসাধারণ সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণেরা এআই–চালিত ধারণা নিয়ে কাজ করছেন।’
যেসব আইডিয়া বিজয়ী হলো
এবারের আয়োজনে প্রথম হয় টিম লাবডাবের প্রজেক্ট ইকোক্লিপ। একটি এআই–চালিত ক্লিপ–অন ডিভাইস তৈরির ধারণা দেয়। এটি সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে। এই দলের সদস্যরা হলেন আকিব আহমেদ প্রত্যয় (ঢাবি), রায়া আদিবা আহমেদ (বিইউপি) ও শাহরিয়ার আহমেদ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)। শাহরিয়ার আহমেদ বলেন, ‘আমাদের দলের সদস্য রায়ার বাবা ১৫ বছরের মধ্যে তিনবার হার্ট অ্যাটাক করেন। এসব শারীরিক সমস্যার তথ্য আগে থেকেই টের পাওয়া যায়। আমরা এ ক্ষেত্রে এআইকে কাজে লাগানোর কাজ করি। আমরা একটি এআই–চালিত ক্লিপ–অন ডিভাইস তৈরি করার পরিকল্পনা করেছি। এই এআই–চালিত ডিভাইস সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে। এই যন্ত্রের মাধ্যমে অনেক মানুষের শারীরিক সমস্যা সমাধানে এআইকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।’
অন্যদিকে নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই–চালিত ব্যবস্থা তৈরি করে ফার্স্ট রানারআপ অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের পূর্বাভাস বা আগাম সতর্কতা দিতে সক্ষম এই এআই–চালিত সিস্টেম। এই দলের সদস্যরা হলেন সাকিব উল হাসান (ঢাবি–আইবিএ), আবদুল্লাহ আল ওয়াহিদ (আইইউটি) ও রুকাইয়াহ জাহান (ঢাবি–আইবিএ)। আবদুল্লাহ আল ওয়াহিদ বলেন, ‘আমাদের দলের একেকজন একেক বিষয়ে পড়ছি। কেউ প্রকৌশলী, আবার কেউ ব্যবসায় পড়ছে। আমরা দেশের সমস্যা সমাধানের জন্য এআইকে ভিন্নভাবে ব্যবহারের জন্য এআই–নির্ভর এই প্রকল্প তৈরি করেছি। এখনকার বাস্তবতায় এআইকে যুক্ত না করলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকব। তাই এখন আইডিয়া আমাদের।’
আর প্রজেক্ট স্পষ্ট এআইয়ের জন্য দ্বিতীয় রানারআপ হয়েছে টিম জিনক্সড। এটি এআইয়ের সহায়তায় পরিচালিত একটি স্পিচ–থেরাপি অ্যাপ্লিকেশন; যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন ও অগ্রগতি পরিমাপ করা সম্ভব, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত হয়। এই দলের সদস্য হলেন অরণ্য অভয় (বিইউপি), আল দীন নূর মাধুর্য (বিইউপি) ও রাফিদ আহসান (বিইউপি)। আল দীন নূর মাধুর্য বলেন, ‘আমরা মানুষের সমস্যা সমাধানের জন্য এআইকে ব্যবহারের চেষ্টা করি। অনেকেই স্পিচ বা কথা বলার ক্ষেত্রে সমস্যায় পড়েন, এই সমস্যা সমাধানে আমরা এআইকে ব্যবহারের চেষ্টা করি। এআই দিয়ে আরেকটা ভালো কাজ করা যাবে, তা হচ্ছে ঢাকাকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দেওয়ার বদলে প্রত্যন্ত এলাকায় এআইয়ের মাধ্যমে কার্যকর স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। আমরা সেই সুযোগকে বিস্তৃত করতেই এআই–নির্ভর এই আইডিয়া নিয়ে কাজ করেছি।’
সৃজনশীলতা ও সলিউশনগুলোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। তারা যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি গ্রামীণফোনের মেধা উন্নয়ন কর্মসূচি নেক্সট বিজনেস লিডার ও নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রামে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।