ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

চুক্তি সই অনুষ্ঠানে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মা বেন (ডান থেকে দ্বিতীয়)ছবি: হুয়াওয়ে বাংলাদেশ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) উদ্ভাবনী খাতের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেবে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আশিক মোসাদ্দিক ও হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এই চুক্তিতে সই করেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ে আইসিটি একাডেমি চালু করে শিক্ষার্থীদের বিনা মূল্যে এআইনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীরা সহজেই হুয়াওয়ের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়ে নিজেদের সুবিধামতো সময়ে প্রশিক্ষণ নিতে পারবেন। শুধু তা–ই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও শিক্ষার্থীদের অগ্রগতি তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে মোহাম্মদ আশিক মোসাদ্দিক বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সলিউশন ও ইকুইপমেন্ট প্রোভাইডার হিসেবে হুয়াওয়ে আইসিটি ও এআই ক্ষেত্রে বিশ্বমানের সক্ষমতা নিয়ে কাজ করছে। আমরা আনন্দিত যে এই প্রতিষ্ঠান আমাদের ক্যাম্পাসে আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সেরাদের কাছ থেকে এআই বিষয়ে শেখার সুযোগ পাবে।

মা বেন বলেন, বাংলাদেশের উদ্ভাবনী অর্থনীতি দ্রুত বাড়ছে এবং এর জন্য দক্ষ জনবল প্রয়োজন। আমরা শিল্প ও শিক্ষা খাতের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে বাংলাদেশের তরুণদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই।