হোন্ডার পুরস্কার পেলেন বাংলাদেশের চার তরুণ প্রকৌশলী
বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করতে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াইইএস)’ পুরস্কার ২০২৫। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী চারজন তরুণ প্রকৌশলীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াইইএস পুরস্কারের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো, প্রখ্যাত অভিনেতা, পরিচালক, লেখক এবং হোন্ডা ওয়াইইএস পুরস্কারের মূল্যায়নকারী এস এ আবুল হায়াত; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা, ওয়াইইএস পুরস্কারের মূল্যায়নকারী শাহ মোহাম্মদ আশিকুর রহমান, হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই; জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাওকি তাকাহাশি তাঁর বক্তব্যে বলেন, ‘হোন্ডা সব সময় মানুষ ও সমাজের কল্যাণে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাসী। ওয়াইইএস অ্যাওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য একটি চমৎকার উদ্যোগ। আমি বিশ্বাস করি, আজকের পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
অধ্যাপক টাটিও আরিমোতো বলেন, হোন্ডা ওয়াইইএস পুরস্কারের লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার সম্ভাবনা রয়েছে, এমন প্রতিভাবান তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়া ও উৎসাহিত করা।
অনুষ্ঠানে জানানো হয়, তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি ও উৎসাহ দিতে হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিভিন্ন দেশে হোন্ডা ওয়াইইএস পুরস্কার প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৯ সালে প্রথমবারের মতো এ পুরস্কার কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের হোন্ডা ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্টস (ওয়াইইএস) পুরস্কার ২০২৫’ বিজয়ীরা হলেন, সাকিফ নাঈব রাইয়ান (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়টে), কাজী তাজগীর তাহমিন রেভান (বুয়েট), মো. আদনান রহমান (বুয়েট) এবং লাইলাতুল বরাত সিদ্দিকা (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট)।
চার বিজয়ীর প্রত্যেককে তিন হাজার মার্কিন ডলার, পদক ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণের ক্ষেত্রে ‘হোন্ডা ওয়াইইএস প্লাস’ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০,০০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।