কিশোর–কিশোরীদের নিরাপত্তায় নতুন নিরাপত্তার সুবিধা চালু করেছে উবার

‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ সুবিধার মাধ্যমে সন্তানদের ভিডিও সরাসরি দেখতে পারবেন অভিভাবকেরাছবি: উবার

কিশোর–কিশোরীদের নিরাপত্তায় দূর থেকে গাড়ির ভেতরের দৃশ্য সরাসরি দেখার সুযোগ চালু করেছে উবার। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা যেকোনো স্থান থেকেই উবার গাড়িতে থাকা সন্তানদের ভিডিও সরাসরি দেখতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চালু হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির সব শহরে সুবিধাটি চালু করা হবে।

উবারের তথ্যমতে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা চালু হলে চালকের সেলফি ক্যামেরার মাধ্যমে সরাসরি গাড়ির ভেতরের ভিডিও দেখার সুযোগ পাবেন কিশোর–কিশোরীদের টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবকেরা। অভিভাবকেরা ভিডিও দেখতে চাইলে চালক ও কিশোর–কিশোরীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অভিভাবক বা আইনগত অভিভাবক ছাড়া অন্য কেউ ভিডিও দেখতে পারবেন না। যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার সুযোগ বন্ধ হয়ে যাবে।

উবার জানিয়েছে, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধায় ধারণ করা ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। তবে ভিডিওতে এন্ড–টু–এন্ড এনক্রিপ্টেড প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। এন্ড–টু–এন্ড এনক্রিপশন ব্যবহার করা হলে সাধারণত প্রেরক ও নির্দিষ্ট প্রাপক ছাড়া অন্য কারও পক্ষে তথ্য দেখার সুযোগ থাকে না। ফলে ধারণ করা ভিডিও উবারের পক্ষেও দেখা সম্ভব হবে না। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি উবারের মুখপাত্র।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে কিশোর–কিশোরীদের জন্য টিনএজার অ্যাকাউন্ট চালু করে উবার। এ সুবিধার মাধ্যমে টিনএজাররা নির্দিষ্ট কিছু শর্তের আওতায় উবারের সেবা ব্যবহার করতে পারে এবং অভিভাবকেরা তাদের যাত্রা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। পরে বিশ্বের বিভিন্ন দেশে টিনএজার অ্যাকাউন্ট চালু করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ