দেশের বাজারে বৈদ্যুতিক বাইক আইমা, লুয়ান ও জুলং
জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে দেশে বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাইকের বাজারে নতুন মাত্রা যোগ করেছে বেস্ট ইলেকট্রনিকস। বিশ্বখ্যাত ইলেকট্রিক বাইক ব্র্যান্ড আইমা, লুয়ান ও জুলংয়ের বাইকগুলো এখন প্রতিষ্ঠানটির দেশব্যাপী শোরুমে পাওয়া যাচ্ছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএক্স গ্রুপ।
ডিএক্স গ্রুপের সঙ্গে অংশীদারত্বে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী, টেকসই ও আধুনিক যাতায়াতের বিকল্প তুলে ধরাই উদ্দেশ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকেরা নির্ধারিত শোরুমে সরাসরি বাইক দেখে কিনতে পারবেন, পাশাপাশি অনলাইনেও ফরমাশ দেওয়ার সুযোগ থাকছে।
বেস্ট ইলেকট্রনিকস জানিয়েছে, বাংলাদেশের সড়ক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ধরনের মডেল আনা হয়েছে। আইমা ব্র্যান্ডের এ–৫১১ মডেলে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার চলা সম্ভব। এ ছাড়া এফ–৫২০ মডেলটি স্পোর্টি ডিজাইন ও শক্তিশালী মোটরের জন্য আলাদা আকর্ষণ তৈরি করবে। উন্নত গ্রাফিন ব্যাটারি–প্রযুক্তি ব্যবহারের ফলে এসব বাইকে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স পাওয়া যাবে।
লুয়ান ব্র্যান্ডের বাইকগুলোতে রয়েছে লিকুইড-কুলড মোটর প্রযুক্তি ও এনএফসি-ভিত্তিক অ্যান্টি-থেফট সিস্টেম। এমওয়াইসি মডেলটি টেকসই গঠন ও দীর্ঘ রেঞ্জের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
জুলং ব্র্যান্ড তুলনামূলক কম দামে ভালো পারফরম্যান্স দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। জি–২৫ ও জেডএস মডেলগুলো শহরে যাতায়াত ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সব ব্র্যান্ডের বাইকেই গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬০ থেকে ৯০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। কিছু নির্বাচিত মডেলে মোটরের জন্য সর্বোচ্চ পাঁচ বছর এবং ব্যাটারির জন্য দেড় বছর পর্যন্ত ওয়ারেন্টি–সুবিধাও থাকছে।
ডিএক্সএনই-এর ব্যবসাপ্রধান হারুন রশীদ বলেন, ‘ইলেকট্রিক যানবাহন এখন আর ভবিষ্যৎ নয়, এটি বর্তমান বাস্তবতা। জ্বালানির বাড়তি খরচ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইভি একটি কার্যকর সমাধান। আমরা সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে কাজ করছি।’
বেস্ট ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ তাহমিদ জামান বলেন, ‘ডিএক্স গ্রুপের সঙ্গে তিনটি ব্র্যান্ডের ইভি নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। খুব দ্রুতই সারা বাংলাদেশের বেস্ট ইলেকট্রনিকসের প্রতিটি শোরুমে এই ব্র্যান্ডগুলোর বাইক বিক্রয় শুরু হবে। আমি আশা করছি, ডিএক্স গ্রুপের সঙ্গে একত্র হয়ে সবচেয়ে সুন্দর বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করতে পারব আমরা।’ বাইকগুলোর দাম ৮০ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন বড় শহরের বেস্ট ইলেকট্রনিকস শোরুমে এসব ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। এ ছাড়া গ্রাহকেরা সহজ কিস্তি–সুবিধা (ইএমআই) ও উদ্বোধনী বিশেষ ছাড়ের সুযোগও পাচ্ছেন।
বিস্তারিত তথ্য ও মূল্য জানতে বেস্ট ইলেকট্রনিকসের শোরুম বা তাদের ওয়েবসাইট ভিজিট করা যাবে।