৯ মিনিটেই পুরো চার্জ করা যায় এই বৈদ্যুতিক গাড়ি

ডেনজা জেড৯ জিটিডেনজা

মাত্র ৯ মিনিটে পুরো চার্জ হতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির ডেনজা ব্র্যান্ড। ‘ডেনজা জেড৯ জিটি’ মডেলের গাড়িটি চীনের বাজারে উন্মুক্তের পর এপ্রিল মাস থেকে ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উচ্চক্ষমতার চার্জিং প্রযুক্তিনির্ভর ডেনজার নতুন মডেলের গাড়িটিতে রয়েছে ১ হাজার ৫০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন চার্জিং–ব্যবস্থা। বিওয়াইডি ফ্ল্যাশ চার্জিং নেটওয়ার্কের আওতাধীন এই প্রযুক্তি প্রচলিত আলট্রা-ফাস্ট চার্জিং আউটলেটের তুলনায় তিন গুণের বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এর ফলে মাত্র পাঁচ মিনিটে ব্যাটারির চার্জ ১০ থেকে ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব। একইভাবে ৯ মিনিটেই ১০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করা যায়। এমনকি মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই সক্ষমতা কার্যকর থাকে বলে দাবি করেছে তারা।

ডেনজা জেড৯ জিটি তৈরি করা হয়েছে বিশেষভাবে তৈরি ‘ই৩ প্ল্যাটফর্ম’–এর ওপর ভিত্তি করে। গাড়িটিতে রয়েছে ১২২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্লেড ব্যাটারি। একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ প্রায় ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করা যায়। এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন একটি সংস্করণও থাকছে। এ সংস্করণে তিনটি বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে ৯৬০ হর্সপাওয়ারের বেশি শক্তি উৎপন্ন হয়। এই সংস্করণ স্থির অবস্থা থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় ৩ সেকেন্ডেরও কম। এর ফলে পারফরম্যান্সের দিক থেকে এটি একই শ্রেণির শীর্ষ মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

ইউরোপীয় বাজারে গাড়িটির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে চীনে এর প্রারম্ভিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ৯০০ ইউয়ান। আমদানি শুল্ক ও কর যুক্ত হলে ইউরোপে এর দাম বাড়তে পারে। তা সত্ত্বেও বিশ্লেষকদের ধারণা, পোরশে, অডি বা বিএমডব্লিউর মতো প্রতিষ্ঠিত প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর তুলনায় প্রতিযোগিতামূলক মূল্যেই বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারে ডেনজা।

সূত্র: টেক রাডার