দেশের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি
জ্বালানি খরচ কম হওয়ায় বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা ও ব্যবহার বেড়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে দীপাল ব্র্যান্ডের নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি (ইভি) এনেছে ডিএইচএস অটোস লিমিটেড। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ঘরানার ‘দীপাল এস০৫ পিএইচইভি’ মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএইচএস অটোস লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীপাল এস০৫ পিএইচইভি মডেলের গাড়িটি ইভি মোডে চালালে প্রতি কিলোমিটার পথ পাড়ি দিতে খরচ হয় মাত্র আড়াই টাকা। ফলে প্রতিদিনের জ্বালানি খরচ কম হয়। শুধু তা–ই নয়, বিদ্যুৎ ও জ্বালানির সমন্বয়ে একবারে ১ হাজার ২৩৪ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে গাড়িটি। ফলে দূরের যাত্রায় জ্বালানি বা চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
গাড়িটিতে উন্নত ব্যাটারি প্রযুক্তির ২৭ দশমিক ২৮ কেডব্লিউএইচ ক্ষমতার সিএটিএল ব্যাটারি থাকায় দীর্ঘদিন ভালো থাকে। শক্তিশালী মোটরযুক্ত বিলাসবহুল এই গাড়ির বাহ্যিক নকশাও আকর্ষণীয়। গাড়িটি কিনলে ব্যাটারিতে ৮ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিনা মূল্যে তিন বছরের সার্ভিসিং–সুবিধা পাওয়া যাবে।