লং ড্রাইভে যাওয়ার আগে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইভেট কার
ছবি: রয়টার্স

শীতের এই সময় ঘুরতে যাওয়ার মৌসুম। বছরের শেষে সন্তানের স্কুল বন্ধ, আবহাওয়া থাকে অনুকূলে। এ কারণে ভ্রমণের জন্য অনেকে বেছে নেন শীতকাল। সেই সঙ্গে সপ্তাহান্তে ছুটি থাকায় অনেকে ছুটছেন প্রিয় গন্তব্যে। আবার অনেকে যাচ্ছেন লং ড্রাইভে। মহাসড়কের পাশে টং দোকানে ধোঁয়া ওঠা চা কিংবা কোনো প্রিয় জায়গায় গিয়ে নিমেষে পুরো সপ্তাহের ক্লান্তি দূর করেন অনেকে।

লং ড্রাইভ বা লম্বা দূরত্বে গাড়ি নিয়ে বেরোনোর আগে কয়েকটি বিষয় অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। যাঁরা নিজের বাহন বাইক বা গাড়িতে ভ্রমণে যেতে চান, তাঁদের কিছু সতর্কতা অবলম্বন জরুরি। অভিজ্ঞ চালক এবং মোটর গাড়ি মেকানিকদের সঙ্গে জানা গেছে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে।

১.
লং ড্রাইভে যাওয়ার আগে গাড়ির সবকিছু ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। বিশেষ করে গাড়ির চাকা। টায়ারে হাওয়া ঠিকমতো আছে কি না, সেটা দেখে নেওয়া উচিত। হাওয়া যদি কম থাকে, তবে প্রয়োজনীয় হাওয়া দিয়ে নেওয়া উচিত। এ ছাড়া দীর্ঘদিন চলার কারণে টায়ারের গ্রিপ কমে যায়। নিজের গাড়িতে ভ্রমণে যাওয়ার আগে গ্রিপ ঠিক আছে কি না, সেটা দেখে নিন। যদি চাকার গ্রিপ কমে যায়, তাহলে তা বদল করে নিতে পারেন।

২.
যদি বাইকে ঘুরতে যেতে চান, তাহলে পর্যাপ্ত জ্বালানি তেল ভরে নিন। আর যদি ব্যক্তিগত গাড়িতে যান, তবে আপনি যে অঞ্চলে ভ্রমণে যাচ্ছেন, সে অনুযায়ী জ্বালানি ভরে নিন। আপনি যে অঞ্চলে যাচ্ছেন, সেখানে গ্যাস স্টেশন আছে কি না, তা–ও জেনে নিন। দূরত্ব বুঝে গ্যাস ভরে নেওয়া উচিত। খুব সকালে বেরোনোর পরিকল্পনা থাকলে আগের দিন তেলের ট্যাংক পুরো ভরে নিতে পারেন। যাত্রাপথে তেল অর্ধেক শেষ হওয়ার পর পেট্রলপাম্প থেকে তেল ভরে নিন।

৩.
মহাসড়ক বা হাইওয়েতে গাড়ি চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ রাখতে হবে গাড়ির গতির দিকে। কখনো অতিরিক্ত গতিতে গাড়ি বা বাইক চালানো উচিত নয়। রাস্তায় যত বেশি লেন, সে অনুযায়ী বাহনের গতি নির্ভর করে। এক লেনের রাস্তায় এক রকম, আবার চার লেনের রাস্তায় গাড়ির আরেক রকম গতি থাকে। তবে যত লেন হোক না কেন, ফাঁকা রাস্তায় গতিসীমা অতিক্রম করে বেশি গতিতে গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। হাইওয়েতে লেন বদল করার নিয়ম মেনে এক লেন থেকে অন্য লেনে যাওয়া যাবে। এ ক্ষেত্রে বাঁ বা ডান নির্দেশক বাতির সংকেত দিতে হবে। এ ইন্ডিকেটর ব্যবহার না করে লেন বদল করলে দুর্ঘটনা ঘটতে পারে।

৪.
ওভারটেকিং এড়িয়ে চলা ভালো। যদি করতে হয়, তবে চালককে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যখন রাস্তা ফাঁকা থাকে বা সামনে–পেছনে গাড়ি না থাকে, তখন ওভারটেক করা যায়। তাড়াহুড়া করে ব্যস্ত রাস্তায় ওভারটেক না করা ভালো। উল্টো দিকের লেনে গাড়ি দেখা গেলে ওভারটেক কখনো করা উচিত নয়।

৫.
হাইওয়েতে বিভিন্ন সংকেত দেওয়া থাকে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরু রাস্তা, বিভিন্ন বাঁক, গতিসীমাসহ নানা রকম সিগন্যাল দেখে গাড়ি চালানো উচিত। তাই গাড়ি চালানোর সময় সেসব সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত। কখনো সিগন্যাল ভেঙে নিজের বিপদ ডেকে আনবেন না।

৬.
একটানা দীর্ঘ সময় গাড়ি বা বাইক চালালে চালক ক্লান্ত হতে পারেন। শরীর ক্লান্ত থাকলে কখনো গাড়ি চালানো উচিত নয়। এক সেকেন্ডের মধ্যে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর অভ্যাস না থাকলে নির্দিষ্ট সময় পর বিশ্রাম নিন। নতুনদের প্রতি দুই ঘণ্টা অন্তর বিশ্রাম নিতে হবে।

৭.
ঘুম ঘুম চোখে কখনো গাড়ি চালানো যাবে না। চোখে ঘুম থাকলে গাড়ি বন্ধ করে যদি সম্ভব হয় ঘুমিয়ে নিন। এ ছাড়া লং ড্রাইভে যাওয়ার আগে ভালো করে ঘুমিয়ে নিতে হবে। শরীরে ক্লান্তি নিয়ে দীর্ঘ পথে গাড়ি না চালানো উচিত। যাত্রাপথে পর্যান্ত পরিমাণ পানি রাখুন।

৮.
রাস্তায় গাড়ি খারাপ হলে চিন্তা করবেন না। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। ঘুরতে যাওয়ার আগে মুঠোফোনে গাড়ির হেল্পলাইন নম্বর সেভ করে রাখুন।