সাড়ে ৬ মিনিটেই ৯৮ শতাংশ চার্জ করা যাবে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি
দ্রুতগতিতে চার্জ হতে সক্ষম বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরি করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান সিএটিএল। প্রতিষ্ঠানটির দাবি, ‘শেনজিং’ নামের লিথিয়াম ব্যাটারিটি মাত্র ৬ মিনিট ২৭ সেকেন্ডে ১০ শতাংশ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত চার্জ হয়। ফলে অন্য যেকোনো বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির তুলনায় এই ব্যাটারি দ্রুত চার্জ করা সম্ভব।
সিএটিএলের তথ্যমতে, নতুন ব্যাটারিটি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র ৩ মিনিট ৪৪ সেকেন্ড সময় লাগে। আপনার হাতে যদি মাত্র ১ মিনিট সময়ও থাকে, তাহলেও আপনি ৬০ সেকেন্ডের কম সময়ে আপনার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ৩৫ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারবেন।
সিএটিএল জানিয়েছে, ব্যাটারির ভেতরের বৈদ্যুতিক রোধ কমানোর ফলেই চার্জিং গতি বাড়ানো সম্ভব হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ, বৈদ্যুতিক রোধ যত কম হবে, ব্যাটারি তত বেশি শক্তি স্থানান্তর করে দ্রুত চার্জ হতে পারবে। এই নকশার ফলে ব্যাটারিটি প্রায় ১০০ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ হতে পারে, যেখানে বেশির ভাগ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ৮০ শতাংশের পর ধীরগতিতে চার্জ হয়ে থাকে।
প্রসঙ্গত, গত মাসে ৯ মিনিটে পুরো চার্জ হতে সক্ষম ব্যাটারিযুক্ত নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির ডেনজা ব্র্যান্ড। সিএটিএলের তৈরি নতুন ব্যাটারিটি বিওয়াইডির গড়া ৯ মিনিটের রেকর্ড ভেঙে ফেলেছে।
সূত্র: ডেইলি মেইল