বড় আকারের ৭ আসনের পিএইচইভি গাড়ি আনল এমজি বাংলাদেশ

নতুন গাড়ি এস ৬ ইভি বাজারে ছাড়ার অনুষ্ঠানে এমজির কর্মকর্তারাছবি: এমজি বাংলাদেশ

স্পোর্টস ইউটিলিটি ভেহিকল তথা এসইউভি গাড়িগুলোয় সাধারণত তৃতীয় সারিতে শিশুদের আসন বা চাইল্ড সিট থাকে। এসব আসনে লম্বা মানুষেরা স্বাচ্ছন্দ্যে বসতে পারেন না। প্লাগড–ইন হাইব্রিড ভেহিকল শ্রেণিতে শেষ সারিতেও আরাম করে বসার নতুন এসইউভি গাড়ি নিয়ে এসেছে এমজি বাংলাদেশ। গাড়িটির মডেল এমজি এস৯ পিএইচইভি। বৈদ্যুতিক চার্জ ও জ্বালানির মাধ্যমে চলা গাড়িগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এস৯ পিএইচইভির অভ্যন্তরে বেশি জায়গা এবং দক্ষতার জন্য এমজি এস৯ মর্যাদাপূর্ণ হোয়াট কার অ্যাওয়ার্ডসে আনুষ্ঠানিকভাবে সেরা প্লাগড-ইন হাইব্রিড ৭-সিট এসইউভির স্বীকৃতি অর্জন করেছে।

গত শুক্রবার এমজি বাংলাদেশ রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের বাজারে বিক্রির জন্য এমজি এস৯ পিএইচইভি গাড়িটি অবমুক্ত করে। অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেন মাশনুর চৌধুরী, এমজি বাংলাদেশের বিভাগীয় পরিচালক ইমরান জামান খানসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিএইচইভি গাড়িটির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি (ইভি) এস৬ অবমুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাশনুর চৌধুরী বলেন, ‘বাংলাদেশি গ্রাহকদের দৈনন্দিন যাতায়াত, পারিবারিক ভ্রমণ ও দীর্ঘ দূরত্বের যাত্রার প্রয়োজনীয়তা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এমজি এস৯ পিএইচইভি ও এমজি এস৬ ইভির মাধ্যমে আমরা বৈদ্যুতিক ও প্লাগড-ইন হাইব্রিড গাড়ির দুটি ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছি। এস৯ পিএইচইভি দৈনন্দিন বৈদ্যুতিক ড্রাইভিংয়ের সুবিধার সঙ্গে দীর্ঘ যাত্রায় পেট্রোল ইঞ্জিনের নমনীয়তা দিচ্ছে এবং এস৬ ইভি নিয়ে আসছে সম্পূর্ণ বৈদ্যুতিক চালনার নতুন অভিজ্ঞতা। বাংলাদেশের বাজারে এ দুটি নতুন মডেল নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’

ইমরান জামান খান বলেন, ‘এমজি এস৯ পিএইচইভি ও এমজি এস৬ ইভি গ্রাহকদের পরিবর্তিত চাহিদাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এস৯-এর সাত আসনের ব্যবহারিক উপযোগিতা, বৈদ্যুতিক ড্রাইভিং সক্ষমতা ও দীর্ঘ দূরত্বের নমনীয়তা যেমন পরিবারের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে, তেমনি এস৬ ইভির বৈদ্যুতিক পারফরম্যান্স ও আধুনিক বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি নতুন প্রজন্মের বৈদ্যুতিক এসইউভি অভিজ্ঞতা দেবে। আমরা গ্রাহকদের প্রদর্শনীকেন্দ্রে এসে গাড়ি দুটি সরাসরি দেখার ও অভিজ্ঞতা নেওয়ার জন্য স্বাগত জানাতে উন্মুখ।’

এস৯ গাড়িটির গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রম ৪ হাজার ৯৮৩, ১ হাজার ৯৬৭ এবং ১ হাজার ৭৭৮ মিলিমিটার। হুইলবেইস ২ হাজার ৯১৫ মিলিমিটার, ৪ দশমিক ৯৮ মিটার লম্বা এস-৯ গাড়িটির তিনটি সারিতেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা ও একটি বহুমুখী কেবিন রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সারি ভাঁজ করলে মালামাল বহনের ধারণক্ষমতা হয় ২ হাজার ৯৩ লিটার। এ ধারণক্ষমতায় একটি মাঝারি আকারের ফ্রিজও গাড়িটিতে বহন করা সম্ভব। পারিবারিক ভ্রমণ, বিমানবন্দরে যাতায়াত এবং বড় আকারের জিনিসপত্র বহনের জন্য পর্যাপ্ত জায়গা থাকার কারণে যেকোনো দূরত্ব পাড়ি দিতে গাড়িটি হতে পারে উত্তম সঙ্গী। তিনটি আসনে যাত্রী বহন করেও গাড়িটি ৩৩২ লিটার পর্যন্ত মালামাল বহন করতে পারে।

গাড়িটির তৃতীয় আসনে যাত্রীর সুবিধার জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাতাস বের হওয়ার খোপ (এসি ভেন্ট)। এতে পেছনের যাত্রীরাও অধিক গরমে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন। গাড়িটির পেছনের দুই সারিতে ফ্যাক্টরি ফিটেড প্রাইভেসি উইন্ডো গ্লাস ব্যবহার করা হয়েছে। তৃতীয় সারির যাত্রীর আসনে হেডরেস্ট, স্পিকার ও মুঠোফোনের চার্জার পোর্ট রয়েছে। তৃতীয় আসনেও যথেষ্ট হেডরুম রয়েছে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার দুজন মানুষ সহজেই তৃতীয় সারিতে বসে যাত্রা করতে পারবেন।

এস৯ মডেলটিতে রয়েছে দেড় লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, একটি বৈদ্যুতিক মোটর এবং ২৪ দশমিক ৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি। শুধু বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। এক ট্যাঙ্ক পূর্ণ জ্বালানি ও পূর্ণ চার্জে গাড়িটি এক হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারবে। গাড়ি ব্যবহারকারীরা চার্জিং স্টপ নিয়ে বাড়তি পরিকল্পনা ছাড়াই দীর্ঘ দূরত্বে ভ্রমণের স্বাধীনতা পাবেন। পাশাপাশি ন্যূনতম জ্বালানি খরচে নিয়মিত অফিস, স্কুলে যাতায়াতসহ প্রতিদিনের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার সুযোগ তো থাকছেই।

এমজির এস৯ পিএইচইভি গাড়ি
ছবি: এমজি বাংলাদেশ

জ্বালানিসাশ্রয়ী এ গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিলিমিটার। ভূমি থেকে চেসিসের উচ্চতা যথেষ্ট থাকার কারণে বিভিন্ন ধরনের রাস্তায় চলতে পারে। প্যানোরামিক সানরুফ, ম্যাসাজ ও গরম–ঠান্ডা সুবিধাযুক্ত সামনের আসন, তিনটি জোনে গাড়ির ভেতরের শীতাতপযন্ত্রের নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব আলোকসজ্জার মাধ্যমে গাড়িটি আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে। তারহীন অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, তারবিহীন স্মার্টফোন চার্জিং এবং ১২-স্পিকারের বোস অডিও সিস্টেম আছে গাড়িটিতে। আরও আছে ১২ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে।

এমজি অটো পাইলটের মাধ্যমে নিরাপত্তা ও ড্রাইভিং সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযোজিত ক্রুজ নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় জরুরি ব্রেকিং, লেন ধরে রাখার সহায়তা, অন্ধ-স্থান শনাক্তকরণ এবং পেছন থেকে আসা ক্রস-ট্রাফিক সতর্কতা। একটি ৩৬০-ডিগ্রি এইচডি পার্কিং ক্যামেরার মাধ্যমে গাড়ির চারপাশের দৃশ্য স্বচ্ছভাবে দেখা যায় যা জনাকীর্ণ শহরের রাস্তা ও সংকীর্ণ পার্কিং স্পেসে গাড়ি চালানো সহজ করে তোলে।

ডোর ওপেন ওয়ার্নিং, নিরাপত্তার জন্য ৭টি এয়ারব্যাগ, ১২ দশমিক ৩ ইঞ্চির মাল্টিমিডিয়া এবং চালকের জন্য তথ্যসমৃদ্ধ দুটি ডিসপ্লে, তারবিহীন মুঠোফোন চার্জার, অ্যামবিয়েন্ট লাইটিং, আট প্রকার সুবিধাসহ চালকের আসন রয়েছে। সামনের চাকায় শক্তিসমৃদ্ধ (এফডব্লিউডি) গাড়িটিতে ২০ ইঞ্চি অ্যালয় চাকা রয়েছে। শুধু জ্বালানি শক্তি খরচ করে গাড়িটি ৫ দশমিক ৮ লিটার জ্বালানিতে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ২৪ দশমিক ৭ কিলোওয়াটসমৃদ্ধ এস৯ শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র ৯ দশমিক ৬ সেকেন্ড। ৫ দশমিক ৭৫ মিটার জায়গায় গাড়িটি ঘোরানো যায়।

একবার পূর্ণ চার্জে ৫৩০ কিলোমিটার পাড়ি দেওয়ার নতুন আরেকটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে এমজি বাংলাদেশ। গাড়িটির মডেল এস৬ ইভি। ৭৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ১৮০ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর ও ৩৫০ নিউটন-মিটার টর্কের সমন্বয়ে এমজি এস৬ ইভি শক্তিশালী সম্পূর্ণ বৈদ্যুতিক পারফরম্যান্স প্রদান করে। দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতা থাকায় এ গাড়ি নিয়ে ঢাকা–চট্টগ্রাম আসা–যাওয়া করা যাবে। আধুনিক বৈদ্যুতিক গাড়ির স্থাপত্য, প্রশস্ত এসইউভি নকশা, উন্নত প্রযুক্তি এবং পেছনের চাকাকে কেন্দ্র করে তৈরি ড্রাইভিং বৈশিষ্ট্যের সমন্বয়ে এস৬ ইভি বাংলাদেশে এমজির ক্রমবর্ধমান নিউ এনার্জি গাড়ির তালিকায় যোগ করেছে নতুন মাত্রা।

এস৯ পিএইচইভি সাদা, সবুজ, কালো, রুপালি, ধূসরসহ ৫টি রঙে দেশের বাজারে মিলবে। প্রথম ১০০টি ইউনিটের জন্য গাড়িটির দাম ৬৩ লাখ ৯০ হাজার টাকা। পরবর্তীকালে গাড়িটির দাম হবে ৬৪ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে এস৬ ইভির প্রারম্ভিক মূল্য ৫৩ লাখ ৯০ হাজার টাকা এবং পরবর্তী মূল্য হবে ৫৪ লাখ ৯০ হাজার টাকা। গাড়িগুলোয় ৮ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে। বাসায় চার্জ দেওয়ার জন্য ১১ কিলোওয়াটের হোম চার্জিং স্টেশন বিনা মূল্যে প্রদান করা হবে।