চ্যাটজিপিটির এই ৯ সুবিধা সম্পর্কে জানেন তো

চ্যাটজিপিটির অনেক সুবিধাই ব্যবহারকারীদের অজানাছবি: রয়টার্স

কয়েক বছর আগেও চ্যাটজিপিটির পরিচিতি ছিল মূলত প্রশ্নের উত্তর দেওয়া, ই–মেইল, প্রবন্ধ কিংবা কম্পিউটার কোড লেখায় সহায়তার মধ্যেই সীমাবদ্ধ। তবে ২০২৬ সালে এসে এটি অনেক বেশি পরিণত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারীতে পরিণত হয়েছে। ওপেনএআইয়ের তথ্যমতে, এখন চ্যাটজিপিটি শুধু তথ্য জানায় না, প্রয়োজন হলে বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বিশ্লেষণ করতে পারে, জটিল সমস্যার সমাধান বের করতে পারে, ছবি তৈরি ও সম্পাদনা করতে পারে, বড় নথি পড়ে তার সারসংক্ষেপ দিতে পারে, সফটওয়্যার উন্নয়নে সহায়তা করতে পারে, নিয়মিত বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে, এমনকি ব্যবহারকারীর অনুমতি থাকলে তাঁর পছন্দ ও অপছন্দও মনে রাখতে পারে। ফলে চ্যাটজিপিটি আর শুধু একটি চ্যাটবট নয়। কাজ, পড়াশোনা, সৃজনশীল চিন্তা কিংবা দৈনন্দিন নানা সিদ্ধান্তে সহায়তাকারী একটি ডিজিটাল সহকারী হিসেবেই এটি এখন বেশি পরিচিত। জেনে নেওয়া যাক চ্যাটজিপিটির এমন ৯টি সুবিধার কথা, যেগুলো সম্পর্কে এখনো অনেক ব্যবহারকারী জানেন না।

১. শুধু প্রশ্নের উত্তর নয়, গবেষণার কাজেও সহায়তা করে

চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণ শুধু তথ্য জানায় না, প্রয়োজনে গবেষণার কাজেও সহায়তা করতে পারে। এটি নির্ভরযোগ্য অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ, বিভিন্ন সূত্রের তথ্য যাচাই, পরস্পরবিরোধী তথ্য শনাক্ত এবং সূত্র উল্লেখ করে সুসংগঠিত সারসংক্ষেপ তৈরি করতে পারে।

আগের সংস্করণগুলো মূলত প্রশিক্ষণের সময় শেখা তথ্যের ওপর নির্ভর করত। কিন্তু এখন ওয়েব অনুসন্ধানের সুবিধা চালু থাকলে হালনাগাদ তথ্যও সংগ্রহ করতে পারে। ফলে বৈজ্ঞানিক গবেষণা, বাজার বিশ্লেষণ, নীতিমালার পরিবর্তন কিংবা প্রযুক্তিগত নথি নিয়ে কাজ করা অনেক সহজ হয়।

২. লেখা, ছবি, নথি ও কণ্ঠস্বর একসঙ্গে বুঝতে পারে

চ্যাটজিপিটি এখন একটি পূর্ণাঙ্গ মাল্টিমোডাল এআই টুল। এতে পিডিএফ, স্প্রেডশিট, হাতে লেখা নোট, চার্ট, ছবি কিংবা স্ক্রিনশট আপলোড করা যায়। চাইলে কণ্ঠে প্রশ্নও করা যায়। এসব তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে বিষয়বস্তু বুঝতে পারে চ্যাটজিপিটি। ফলে আরও প্রাসঙ্গিক ও নির্ভুল উত্তর দেওয়া সম্ভব হয়।

৩. সাধারণ নির্দেশনা থেকেই মানসম্মত ছবি তৈরি ও সম্পাদনা করতে পারে

ছবি তৈরির জন্য এখন আর আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয় না। কী ধরনের ছবি চান বা বিদ্যমান ছবিতে কী পরিবর্তন আনতে চান, সেটি সাধারণ ভাষায় লিখে দিলেই চ্যাটজিপিটি সেই অনুযায়ী ছবি তৈরি বা সম্পাদনা করতে পারে। বাস্তবধর্মী ছবি, অলংকরণ, তথ্যচিত্র, বিপণন উপকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাফিকস, লোগো কিংবা ধারণাভিত্তিক নকশা সবই তৈরি করা সম্ভব। ফলে অনেক ক্ষেত্রেই জটিল নকশা তৈরির সফটওয়্যার শেখার প্রয়োজন পড়ে না।

৪. আপনার পছন্দ মনে রেখে আরও ব্যক্তিগতভাবে সহায়তা করে

মেমোরি সুবিধা চালু থাকলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর লেখার ধরন, পছন্দের প্রোগ্রামিং ভাষা, চলমান প্রকল্প কিংবা যোগাযোগের ধরন মনে রাখতে পারে। ফলে প্রতিবার একই নির্দেশনা দিতে হয় না। সময়ের সঙ্গে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে আরও প্রাসঙ্গিক ও ব্যক্তিগত সহায়তা দিতে পারে এটি। তবে সংরক্ষিত তথ্য ব্যবহারকারী চাইলে যেকোনো সময় দেখতে, পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারেন।

৫. নিয়মিত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে

চ্যাটজিপিটির কাজ শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজনীয় অনুমতি ও বিভিন্ন সেবার সঙ্গে সংযোগ থাকলে এটি তথ্য গুছিয়ে রাখা, নথির খসড়া তৈরি, পুনরাবৃত্তিমূলক কাজ সম্পন্ন এবং বিভিন্ন অনলাইন সেবার মাধ্যমে নির্দিষ্ট কাজও করতে পারে।

ওপেনএআইয়ের পরীক্ষামূলক ‘অপারেটর’ প্রযুক্তিতে মানুষের মতো ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করার সক্ষমতাও দেখানো হয়েছে।

৬. সবার জন্য একই উত্তর নয়, প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা দেয়

একজন স্কুলশিক্ষার্থী ও একজন গবেষকের প্রয়োজন এক নয়। তাই ব্যবহারকারীর বয়স, জ্ঞানের স্তর ও শেখার লক্ষ্য অনুযায়ী চ্যাটজিপিটি একই বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সহজ ব্যাখ্যা থেকে শুরু করে পরিসংখ্যানভিত্তিক মডেলিংয়ের গভীর বিশ্লেষণ ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী উত্তর আরও বিস্তারিত বা সহজ করে দিতে পারে এটি। ফলে শেখার অভিজ্ঞতাও হয় আরও কার্যকর।

৭. দীর্ঘ নথি কয়েক মিনিটেই বিশ্লেষণ করতে পারে

চুক্তিপত্র, গবেষণাপত্র, বার্ষিক প্রতিবেদন, নীতিমালা কিংবা প্রযুক্তিগত নির্দেশিকার মতো শত শত পৃষ্ঠার নথি অল্প সময়েই বিশ্লেষণ করতে পারে চ্যাটজিপিটি।

এটি গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে, সারসংক্ষেপ তৈরি করতে, বিভিন্ন অংশের তুলনা করতে এবং আপলোড করা নথির ভিত্তিতে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারে। ফলে দীর্ঘ নথি পর্যালোচনায় সময় অনেক কম লাগে।

৮. লেখালেখির বাইরেও সৃজনশীল কাজে সহযোগিতা করে

চ্যাটজিপিটি এখন শুধু লেখার সহকারী নয়, সৃজনশীল কাজেরও নির্ভরযোগ্য সহযোগী। বিপণন প্রচারণার ধারণা তৈরি, নতুন ব্যবসার পরিকল্পনা, বইয়ের কাঠামো তৈরি, পাঠ পরিকল্পনা, গেমের ধারণা, উপস্থাপনার খসড়া কিংবা বিভিন্ন পাঠকের জন্য উপযোগী করে লেখা পরিমার্জনের মতো নানা কাজেও এটি ব্যবহার করা যায়।

দ্রুত একাধিক বিকল্প তৈরি করতে পারায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন ধারণা যাচাই করাও সহজ হয়।

৯. ধীরে ধীরে ব্যক্তিগত এআই সহকারীতে পরিণত হচ্ছে

চ্যাটজিপিটির সবচেয়ে বড় পরিবর্তন কোনো একটি নির্দিষ্ট সুবিধার বদলে এর সব সক্ষমতার সমন্বয়ে।

যুক্তি বিশ্লেষণ, ওয়েবভিত্তিক তথ্য অনুসন্ধান, মেমোরি, ছবি ও নথি বোঝার ক্ষমতা, সফটওয়্যার উন্নয়নে সহায়তা, ছবি তৈরি এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুবিধা সব মিলিয়ে এটি এখন প্রচলিত চ্যাটবটের গণ্ডি অনেকটাই ছাড়িয়ে গেছে। যদিও এখনো মানুষের তত্ত্বাবধান ও বিচক্ষণতা প্রয়োজন, তবু কাজ, শিক্ষা, সৃজনশীলতা এবং ব্যক্তিগত জীবনের নানা ক্ষেত্রে এটি ক্রমেই একটি নির্ভরযোগ্য ডিজিটাল সহকারীতে পরিণত হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া