প্রযুক্তির এই দিনে: ২ আগস্ট
এল মাইক্রোসফটের সারফেস গো
কম্পিউটারের অন্যতম পথিকৃৎ মিনা রেস যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন।
২ আগস্ট ১৯০২
কম্পিউটারের অন্যতম পথিকৃৎ মিনা রেসের জন্ম
মিনা স্পিগল রেস যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন। মিনা রেস কম্পিউটারের শুরুর দিকের একজন নারী পথিকৃৎ হয়ে ওঠেন। ১৯৯৭ সালে তাঁর মৃত্যুর আগপর্যন্ত কম্পিউটার বিজ্ঞান, গণিত ও শিক্ষায় তাঁর কাজের চিহ্ন রেখে গেছেন। রেস হান্টার কলেজ ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে ডিগ্রি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অফিস অব ন্যাভাল রিসার্চ (ওএনআর) চালিয়েছেন। এ কর্মস্থলে তিনি হার্ভার্ড মার্ক–১–এর মতো প্রথম দিকের কম্পিউটার ব্যবহার করছেন।
মিনা রেস তাঁর পুরো পেশাজীবনে কম্পিউটার ব্যবহারে এবং ফলিত গণিতের সমস্যা সমাধানে অবদান রেখে গেছেন। পাশাপাশি তিনি দক্ষ প্রশাসক ও প্রভাবশালী ব্যক্তি হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। মিনা স্পিগল রেস আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের (এএএএস) প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৭ সালের ২৫ অক্টোবর তিনি মারা যান।
২ আগস্ট ২০১৮
এল মাইক্রোসফটের সারফেস গো
ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের সমন্বিত রূপ সারফেস গো নিয়ে আসে মাইক্রোসফট করপোরেশন। এটির দৈর্ঘ্য ছিল ১০ ইঞ্চি। এটি প্রথম প্রজন্মের সারফেস গো। এরপর আসে সারফেস গো ২।
এই যন্ত্র চলে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টমে। এতে ছিল পাঁচ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা আট মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা, এনএফসি চিপ ইত্যাদি। এর পর্দা পুরো ১৮০ ডিগ্রি কোণে ঘোরানো যায়। সারফেস গোর দাম শুরু হয়েছিল ৩৯৯ ডলার থেকে। এর সঙ্গে কভার থাকত, তবে সারফেস পেন বা স্টাইলাস আলাদা করে কিনতে হতো।