আইওএস ২৭ আনছে অ্যাপল, যেসব সুবিধা পাওয়া যাবে

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে একাধিক নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপলফাইল ছবি: অ্যাপল

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন সংস্করণ আইওএস ২৭ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে বর্তমানে অপারেটিং সিস্টেমটির বিভিন্ন বেটা সংস্করণ পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের তথ্যমতে, আইওএস ২৭–এর অন্যতম আকর্ষণ হচ্ছে সিরির নতুন সংস্করণ ‘সিরি এআই’। অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা কাজে লাগিয়ে নতুন সিরি আগের তুলনায় আরও স্বাভাবিকভাবে ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন করতে পারবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট বুঝে বিভিন্ন কাজও করে দেবে। এ ছাড়া ছবি সম্পাদনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিশুদের নিরাপত্তায় নতুন নিয়ন্ত্রণ, সাফারি ও মেসেজেসে নতুন সুবিধা এবং লিকুইড গ্লাস নকশায় পরিবর্তনসহ বেশ কিছু নতুন সুবিধাও থাকছে অপারেটিং সিস্টেমটিতে।

ক্যামেরা দিয়েই জানা যাবে আশপাশের তথ্য

আইওএস ২৭–এ ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধাও আরও কার্যকর হচ্ছে। ক্যামেরা দিয়ে কোনো বস্তু বা দৃশ্য দেখিয়ে সেটি সম্পর্কে তথ্য জানা যাবে। আশপাশের কোনো বিষয় শনাক্ত করে সে সম্পর্কে প্রশ্ন করা বা তথ্য খোঁজার কাজও করা যাবে। এর ফলে কোনো খাবারের ছবি তুলে সেটির উপাদান বা পুষ্টিগুণ সম্পর্কে জানার পাশাপাশি কোনো গাছ বা বস্তু শনাক্ত করার সুযোগ মিলবে। ক্যামেরার ভিউফাইন্ডার থেকেই এ ধরনের অনুসন্ধান করা যাবে।

শিশুদের আইফোন ব্যবহারে আরও নিয়ন্ত্রণ

অভিভাবকদের জন্য আইওএস ২৭–এ শিশুদের নিরাপত্তাবিষয়ক সুবিধাগুলো আরও সহজ করা হবে। অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে নিয়ন্ত্রণের পাশাপাশি স্ক্রিনটাইম ব্যবস্থাপনাতেও থাকছে নতুন সুবিধা। শিশুরা কী ধরনের কনটেন্ট দেখতে পারবে, কোন অ্যাপ ব্যবহার করতে পারবে এবং কতক্ষণ ডিভাইস ব্যবহার করবে—এসব বিষয়ে আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। ফলে শিশুদের আইফোন ব্যবহারের ওপর নজর রাখা অভিভাবকদের জন্য সহজ হবে।

মেসেজেস ও মেইলে সিরির সহায়তা

মেসেজেস ও মেইলের মতো অ্যাপেও সিরি এআইয়ের নতুন সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারী কী লিখতে চান, তা সংক্ষেপে জানালেই সিরি খসড়া তৈরি করে দিতে পারবে। এমনকি ব্যবহারকারীর লেখার ধরন, ভাষা ও স্বর অনুসরণ করেও লেখা তৈরি করার চেষ্টা করবে। কথোপকথনের তথ্য বুঝে প্রয়োজনীয় কাজের পরামর্শও দিতে পারবে সিরি। কোনো বার্তায় অনুষ্ঠানের কথা থাকলে সেটি ক্যালেন্ডারে যোগ করার মতো কাজও করা যাবে।

সাফারিতে ওয়েবপেজ পরিবর্তনের তথ্য

আইওএস ২৭–এ সাফারি ব্রাউজারে খোলা ট্যাবগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো যাবে। ফলে অনেকগুলো ট্যাব একসঙ্গে খোলা থাকলেও প্রয়োজনীয় ওয়েবপেজ খুঁজে পাওয়া সহজ হবে। ‘নোটিফাই মি’ নামের একটি সুবিধা কোনো ওয়েবপেজে পরিবর্তন হলে তা শনাক্ত করে ব্যবহারকারীকে জানাবে। ফলে কোনো ওয়েবসাইটে বারবার গিয়ে পরিবর্তন হয়েছে কি না, তা পরীক্ষা করার প্রয়োজন হবে না।

ছবি সম্পাদনায় এআইয়ের ব্যবহার

ছবি সম্পাদনায় জন্য আইওএস ২৭–এ ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সরানো, ছবির পরিসর বাড়ানো কিংবা ছবির দৃষ্টিকোণ পরিবর্তনের মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যাবে। ‘ক্লিন আপ’ সুবিধা ব্যবহার করে ছবিতে থাকা অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলার সুযোগ মিলবে। ‘এক্সটেন্ড’ ছবির প্রান্তের দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বাড়ানোর পাশাপাশি ‘রিফ্রেম’ সুবিধা ব্যবহার করে ছবির কাঠামো ও দৃষ্টিকোণ পরিবর্তন করা যাবে।

ইমেজ প্লেগ্রাউন্ডে আরও বাস্তব ছবি

অ্যাপলের ইমেজ প্লেগ্রাউন্ড সুবিধাতেও পরিবর্তন আসছে। আগে এই সুবিধায় তৈরি ছবিগুলো মূলত কার্টুন বা আঁকা ছবির মতো দেখাত। নতুন সংস্করণে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে। তৈরি করা ছবি পছন্দ না হলে নতুন নির্দেশনা দিয়ে সেটি পরিবর্তনেরও সুযোগ মিলবে। এমনকি ছবির নির্দিষ্ট কোনো অংশ নির্বাচন করে শুধু সেই অংশ পরিবর্তন করা যাবে।

লিকুইড গ্লাসে নিজের পছন্দমতো স্বচ্ছতা

আইওএস ২৭–এর লিকুইড গ্লাসের নকশাও পরিবর্তন করা যাবে। এর ফলে ব্যবহারকারী চাইলে অ্যাপ ও ইউআই উপাদানগুলো কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, তা নিজের পছন্দ অনুযায়ী ঠিক করতে পারবেন।

কবে আসবে আইওএস ২৭

অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭ অপারেটিং সিস্টেম সেপ্টেম্বরেই উন্মুক্ত হবে। আইফোন আনার পরপরই উন্মুক্ত করা হবে নতুন অপারেটিং সিস্টেম। চূড়ান্ত সংস্করণ উন্মোচনের আগে যাঁরা নতুন সুবিধাগুলো ব্যবহার করতে চান, তাদের অ্যাপলের বেটা পরীক্ষার কার্যক্রমে অংশ নিতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চূড়ান্ত সংস্করণ পর্যন্ত অপেক্ষা করাই নিরাপদ।

যেসব আইফোনে চলবে

আইওএস ২৭–সমর্থিত আইফোনে সফটওয়্যার হালনাগাদ হিসেবে পাওয়া যাবে। নতুন আইফোনগুলোয়ও শুরু থেকেই আইওএস ২৭ থাকার কথা। সফটওয়্যার হালনাগাদ করতে আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে যেতে হবে। এরপর সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে।

সূত্র: ম্যাশেবল