আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তায় সিরিতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল
আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তায় নিজেদের স্মার্ট সহকারী ‘সিরি’তে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও ৮ জুন নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) সিরিতে নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
অ্যাপল–বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান এক প্রতিবেদনে জানিয়েছেন, সিরিতে নতুন সুবিধা যুক্তের ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। আর তাই স্মার্ট সহকারীটিতে এমন কিছু সুবিধা যুক্ত করা হতে পারে, যা বর্তমানে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটসেবাতেও দেখা যায় না। এর মধ্যে কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা অন্যতম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপলের মেসেজেস অ্যাপের মতো সিরিতেও ব্যবহারকারীরা নিজেদের কথোপকথনের তথ্য কত দিন সংরক্ষণ করতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সময় শেষ হলে বার্তগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা চাইলে প্রতিবার সিরি চালুর সময় নতুন করে কথোপকথন শুরু করতে পারবেন। চাইলে পুরোনো তথ্যও কথোপকথনে যুক্ত করা যাবে।
জানা গেছে, সিরির মেমোরি ব্যবস্থার ওপর তুলনামূলক কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে অ্যাপল। ফলে প্রতিদ্বন্দ্বী কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর মতো সিরি আগের কথোপকথন থেকে ব্যাপকভাবে তথ্য ব্যবহার করতে পারবে না।
সূত্র: ম্যাশেবল