বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজকে নিয়ে বই
বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের দীর্ঘ যাত্রায় যেসব মানুষের নাম শুরুতে আসবে, শাহেদা মুস্তাফিজ তাঁদের অন্যতম। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার তিনি। তাঁর জীবনের জানা-অজানা নানা তথ্য নিয়ে বই লিখেছেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। ‘তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ’ বইটি মূলত শাহেদা মুস্তাফিজের সংক্ষিপ্ত জীবনী। ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের তৃতীয় বই হিসেবে বাজারে আসা বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন।
বইটির লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘এখনো আমাদের দেশে প্রোগ্রামিংয়ে নারীরা কম আসেন। সেখানে প্রায় ৫০ বছর আগের চিত্র তো কল্পনাই করা যায় না। সেসময় কোনো নারী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন না। এমনকি দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটারবিজ্ঞান পড়ানো হতো না তখন। সেই পরিবেশেও দমে থাকেননি শাহেদা মুস্তাফিজদের মতো মানুষেরা। অথচ তাঁদের অবদানের কথা আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা এমন মোট ১০ ব্যক্তিকে নিয়ে “তথ্যপ্রযুক্তির নায়ক” সিরিজ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে আমার। বইগুলো পড়ে তরুণ প্রজন্ম জানতে পারবে, কীভাবে দেশের তথ্যপ্রযুক্তি খাত এত দূর এগিয়েছে। এই সিরিজ হবে তথ্যপ্রযুক্তি খাতের একটি ঐতিহাসিক দলিল।’
প্রতিভাষা প্রকাশনের সমন্বয়ক পান্থ দেব রায় জানিয়েছেন, লেখক রাহিতুল ইসলাম ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের বই প্রকাশ শুরু করেছেন। এই সিরিজের তৃতীয় বই ‘তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ’। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ প্রায় ৫০ বছর তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় ছিলেন। বইটিতে তাঁর জীবনের জানা-অজানা নানা তথ্য ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে।
‘তথ্যপ্রযুক্তির নায়ক শাহেদা মুস্তাফিজ’ বইটির মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী। বিভিন্ন বইয়ের দোকানের পাশাপাশি অনলাইনে প্রথমা ডটকম থেকে কেনা যাবে বইটি।