ইউটিউব ভিডিওর লাইক সংখ্যা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়ার অভিযোগ

ইউটিউবছবি: রয়টার্স

বিনোদনের অন্যতম উৎস এখন ইউটিউব। আর তাই ইউটিউবে নিয়মিত পছন্দের ভিডিও দেখেন ইন্টারনেট ব্যবহারকারীরা। নিজের ভালো লাগার অনুভূতি প্রকাশ করার জন্য ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিকও করেন কেউ কেউ। লাইক সংখ্যার ওপর ভিত্তি করে ভিডিওটির জনপ্রিয়তা বিচার করার পাশাপাশি অন্য ব্যবহারকারীরা দেখতে উৎসাহিত হয়ে থাকেন। কিন্তু সম্প্রতি বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী রেডিটে অভিযোগ করেছেন, ইউটিউব ভিডিওতে থাকা লাইকের সংখ্যা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে।

অনেকেই অভিযোগ করেছেন, ইউটিউব ভিডিও থেকে লাইক বাটন পুরোপুরি উধাও হয়ে গেছে। ফলে নির্ধারণ করা কঠিন যে এটি কোনো ইচ্ছাকৃত পরিবর্তন নাকি নিছক একটি ত্রুটি। তবে এক্সে (সাবেক টুইটার) একজন জানিয়েছেন, ইউটিউব ভিডিও থেকে লাইকগুলো পুরোপুরি উধাও হয়ে যাওয়ার পরিবর্তে, সেগুলো চ্যানেলের নাম এবং ভিউ কাউন্টারের মাঝে দেখা যাচ্ছে।

ভিডিওর লাইক সংখ্যা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে কোনো তথ্য জানায়নি ইউটিউব কর্তৃপক্ষ। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইউটিউব হয়তো নতুন নকশা চালু করতে যাচ্ছে। আর তাই নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা কার্যক্রম চালানোর ফলে ভিডিওর লাইক সংখ্যা দেখা যাচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরেও ইউটিউবে ভিডিওর দর্শকসংখ্যা দেখা না যাওয়ার অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। সে সময় এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছিল, ব্রাউজার এক্সটেনশনের সীমাবদ্ধতার কারণে ইউটিউবের প্রকৃত লেআউট দেখা না–ও যেতে পারে। অর্থাৎ ব্রাউজার এক্সটেনশন ব্যবহার না করলে ইউটিউবের সাধারণ লেআউটই দেখা যাবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ