আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। ‘আইওএস ২৬.৫.২’ সংস্করণে নতুন কোনো সুবিধা, নকশাগত পরিবর্তন বা ত্রুটি সংশোধন যুক্ত করা হয়নি। অ্যাপলের প্রকাশিত তথ্য অনুযায়ী, হালনাগাদটি মূলত নিরাপত্তা–সংক্রান্ত উন্নয়ন নিয়েই এসেছে। তাই নতুন সংস্করণটি ইনস্টল করার পর আইফোনের চেহারা বা ব্যবহারের অভিজ্ঞতায় দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যাবে না।
ইউজার ইন্টারফেসে যুক্ত হচ্ছে না নতুন কোনো ফিচারও। এমনকি ‘লিকুইড গ্লাস’ নকশা নিয়ে যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের জন্যও এ হালনাগাদে কোনো পরিবর্তন নেই। তবে নতুন কোনো সুবিধা না থাকলেও হালনাগাদটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ, নিরাপত্তা হালনাগাদের মাধ্যমে সফটওয়্যারের বিভিন্ন দুর্বলতা দূর করা হয়। যা সাইবার হামলা, তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে ব্যবহারকারীদের দ্রুত আইওএস ২৬.৫.২ ইনস্টল করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নতুন সংস্করণটি ইনস্টল করতে আইফোনের ‘সেটিংস’ অ্যাপে প্রবেশ করে ‘জেনারেল’ মেনু থেকে ‘সফটওয়্যার আপডেট’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ইনস্টল’ বাটনে চাপ দিলেই হালনাগাদ প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, আইওএস ২৬.৫.২ হালনাগাদের আকার ১০ গিগাবাইটের বেশি। তাই যাঁদের ফোনে পর্যাপ্ত খালি সংরক্ষণস্থান নেই, তাঁদের হালনাগাদটি ইনস্টলের আগে প্রয়োজনীয় কিছু ফাইল মুছে বা অন্যত্র সরিয়ে জায়গা খালি করে নিতে হতে পারে।
সূত্র: ম্যাশেবল