এআই দিয়ে তৈরি পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে লিংকডইনে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের বা গতানুগতিক পোস্টের বিস্তার ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে লিংকডইন। পেশাজীবীদের এই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি বা নিম্নমানের বলে সন্দেহ হওয়া পোস্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এ জন্য প্রতিটি পোস্টের মেনুতে ‘সিমস লাইক এআই স্লপ’ নামে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়া জানিয়েছে, কোনো পোস্টের ওপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলে নতুন অপশনটি দেখা যাবে। কোনো পোস্টকে এআই দিয়ে তৈরি বা নিম্নমানের বলে মনে হলে ব্যবহারকারী সেটি নির্বাচন করে লিংকডইনকে জানাতে পারবেন। অভিযোগ পাঠানোর পর লিংকডইন একটি বার্তায় জানাবে, ‘আমাদের জানানোয় ধন্যবাদ। আপনার মতামত আমাদের ফিড আরও উন্নত করতে সহায়তা করবে।’ এরপর ওই পোস্টটি অভিযোগকারী ব্যবহারকারীর নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়।
নতুন সুবিধাটি পরীক্ষা করে দেখেছে ৪০৪ মিডিয়া। প্রতিষ্ঠানটি এমন একটি পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানায়, যেখানে এআই দিয়ে তৈরি লেখার বেশ কিছু পরিচিত বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে ছিল অস্বাভাবিকভাবে বেশি ফাঁকা জায়গা, অতিরিক্ত ইমোজির ব্যবহার, অপ্রয়োজনীয় তালিকাভিত্তিক উপস্থাপন এবং একই ধরনের বাক্য ও শব্দচয়নের পুনরাবৃত্তি। অভিযোগ জানানোর পর লিংকডইন সেটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এবং পোস্টটি ব্যবহারকারীর ফিড থেকে সরিয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে লিংকডইনে এআই দিয়ে তৈরি পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি মাসের শুরুতে এআই শনাক্তকরণ প্রতিষ্ঠান প্যাংগ্রামের এক বিশ্লেষণে দেখা যায়, প্ল্যাটফর্মটির দীর্ঘ পোস্টের প্রায় ৪১ শতাংশ এবং ছোট পোস্টের প্রায় ৩০ শতাংশ সম্ভবত এআই ব্যবহার করে লেখা। ৪০৪ মিডিয়া তাদের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। তবে এআই ব্যবহার নিরুৎসাহিত করলেও নিজস্ব প্ল্যাটফর্মে জেনারেটিভ এআই সুবিধা দিচ্ছে লিংকডইন। প্রতিষ্ঠানটির এআই লেখার সহকারী ব্যবহারকারীদের প্রোফাইল, জীবনবৃত্তান্ত এবং বিভিন্ন লেখা তৈরিতে ব্যক্তিগতকৃত পরামর্শ দেয়। লিংকডইনের মতে, এই সুবিধার উদ্দেশ্য ব্যবহারকারীদের পেশাগত পরিচিতি আরও কার্যকরভাবে তুলে ধরতে সহায়তা করা।
নতুন রিপোর্টিং সুবিধা নিয়ে ৪০৪ মিডিয়ার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি লিংকডইন। তবে এর আগে প্যাংগ্রামের প্রতিবেদনের পর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, স্বয়ংক্রিয়ভাবে তৈরি নিম্নমানের কনটেন্টের বিস্তার কমাতে তারা চলতি বছরের মে মাসে নীতিমালায় পরিবর্তন এনেছে।
লিংকডইনের মতে, ব্যবহারকারীরা বাস্তব মানুষের অভিজ্ঞতা, বিশ্লেষণ ও নিজস্ব দৃষ্টিভঙ্গি জানতে এই প্ল্যাটফর্মে আসেন। সে কারণে স্বয়ংক্রিয়ভাবে তৈরি, গতানুগতিক বা নিম্নমানের কনটেন্টের বিস্তার কমাতে তারা নিয়মিত ব্যবস্থা নিচ্ছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘পেশাজীবীরা বাস্তব মানুষের অভিজ্ঞতা, স্বতন্ত্র মতামত ও অন্তর্দৃষ্টি জানতে লিংকডইনে আসেন। তাই নিম্নমানের, স্বয়ংক্রিয় বা গতানুগতিক কনটেন্ট কমাতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। এআই লেখার শুরুতে সহায়তা করতে পারে, কিন্তু আমাদের মূল লক্ষ্য এমন পেশাগত আলোচনা সামনে আনা, যা মানুষের কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া