ক্রোম ব্রাউজারে ত্রুটি, হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ
ক্রোম ব্রাউজারে একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। নিরাপদ থাকতে উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ক্রোম ব্রাউজারের (১১৩.০.৫৬৭২.৬৩/৬৪) সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের ফুল স্ক্রিন মোড, পিকচার ইন পিকচার, এক্সটেনশন ভ্যালিডেশনসহ ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং সুবিধায় এসব নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তা ত্রুটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভয়ংকর। ফলে সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।
ক্রোম ব্রাউজারের ত্রুটি থাকায় সাইবার অপরাধীদের তৈরি ভুয়া ওয়েবসাইটে প্রবেশ বা লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর কোড প্রবেশ করে। ফলে যন্ত্রে থাকা তথ্য গোপনে সংগ্রহ করার পাশাপাশি সেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে সাইবার অপরাধীরা।
সূত্র: গ্যাজেটস নাউ