গুগল সার্চ করে খবরের ওয়েবসাইটে যাওয়ার হার কমেছে, কিন্তু কেন
বেশ কিছুদিন ধরেই গুগল সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ব্যবহারকারী প্রবেশের হার কমে গেছে। এ নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছে গুগল। ‘গুগল নিউজ’–এর ত্রুটির কারণেই বিশ্বজুড়ে সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রবেশের হার কমেছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
গুগল নিউজে থাকা এ ত্রুটি প্রথম নজরে আনেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করা বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী। এরপর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সার্চ ইঞ্জিন ল্যান্ড। অভিযোগ খতিয়ে দেখার পর এক বার্তায় গুগল জানিয়েছে, গুগল নিউজের ইনডেক্সিং পদ্ধতিতে ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যা হচ্ছে। এর ফলে সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলোয় গুগলের কাছ থেকে পাওয়া ট্রাফিক কমে যাচ্ছে। ত্রুটি শনাক্তের জন্য কাজ চলছে। পরবর্তীকালে এর সর্বশেষ পরিস্থিতি জানানো হবে।
সাধারণত অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা গ্রাহকদের একটি বড় অংশ আসে গুগল নিউজ থেকে। এ ত্রুটির ফলে এসব সংবাদমাধ্যমের ট্রাফিক কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে। তবে অনেকেই আশঙ্কা করছেন, গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ টুলের কারণেও গুগল নিউজ থেকে সংবাদভিত্তিক ওয়েবসাইটে ব্যবহারকারী প্রবেশের হার কমতে পারে। কারণ, গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ টুলের মাধ্যমে গুগলের সার্চ বক্সে প্রশ্ন লিখলেই দ্রুত সেগুলোর উত্তর জানা সম্ভব। এমনকি ওয়েব পেজে থাকা তথ্যের বিষয়বস্তুও সংক্ষেপে দেখা যায়।
গুগল নিউজে থাকা ত্রুটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গুগল। এমনকি কবে নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে, সে বিষয়েও কোনো ধারণা দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গুগলের কাছ থেকে পাওয়া ট্রাফিক ভবিষ্যতেও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ফোর্বস