প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন নিরাপত্তাসুবিধা

নতুন নিরাপত্তাসুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপফাইল ছবি: রয়টার্স

হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। প্রতারকেরা কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। ডিজিটাল প্রতারণার এ ঝুঁকি মোকাবিলায় অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথন শুরুর আগে ব্যবহারকারীদের সতর্ক করতে নতুন নিরাপত্তাসুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যমতে, নতুন সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে কখনো যোগাযোগ করেননি, এমন ফোন নম্বরের সঙ্গে চ্যাট শুরু করতে গেলেই স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দেখতে পাবেন। সতর্কবার্তায় নম্বরটি কোন দেশে নিবন্ধিত, সেটি পরিচিত কোনো তালিকায় সংরক্ষিত আছে কি না এবং দুই পক্ষের কোনো অভিন্ন গ্রুপ রয়েছে কি না, তা জানা যাবে। তথ্যগুলো দেখে ব্যবহারকারী চাইলে কথোপকথন চালিয়ে যেতে পারবেন অথবা চ্যাট শুরু না করার সিদ্ধান্ত নিতে পারবেন। সতর্কবার্তা সম্পর্কে অপর পক্ষ কোনো ধরনের তথ্য জানতে পারবে না।

হোয়াটসঅ্যাপের নতুন এ নিরাপত্তা সুবিধার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি চ্যাট শুরু হওয়ার আগেই ব্যবহারকারীকে সতর্ক করবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের বেশির ভাগ নিরাপত্তাব্যবস্থা মূলত চালু হয় কথোপকথন শুরু হওয়ার পর। নতুন এই সুবিধা সেই জায়গাতেই পরিবর্তন আনছে। সাধারণত প্রতারকেরা অপরিচিত নম্বর থেকে এমন বার্তা পাঠায়, যা প্রথম দেখায় সন্দেহজনক মনে হয় না। অনেক ক্ষেত্রে তারা দাবি করে, পুরোনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ব্যবহার করছেন। আবার কখনো শুধু পরিচয় নিশ্চিত করার চেষ্টা করে কথোপকথন শুরু করতে চায়। ব্যবহারকারী যখন পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করেন, তখনই প্রতারকেরা বিশ্বাস অর্জনের সুযোগ খোঁজে। নতুন সতর্কবার্তা ব্যবহারকারীকে সেই মুহূর্তে থেমে বিষয়টি যাচাই করার সুযোগ দেবে। উদাহরণ হিসেবে, কোনো নম্বর যদি অন্য দেশে নিবন্ধিত হয়, তাহলে সেটি সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ফলে নম্বরটির উৎস সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সহজ হবে।

সব অপরিচিত নম্বরই যে প্রতারণার সঙ্গে জড়িত, তা নয়। পরিচিত কেউ নতুন নম্বর ব্যবহার শুরু করলেও একই ধরনের সতর্কবার্তা দেখা যাবে। কোন পরিস্থিতিতে সতর্কবার্তাটি দেখানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ।

সূত্র: ইন্ডিয়া টুডে