অনলাইনে দেখা যাচ্ছে না টুইটার প্রোফাইল ও টুইট, কিন্তু কেন
ব্যবহারকারী ও বিজ্ঞাপনের পরিমাণ বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন টুইটারের মালিক ইলন মাস্ক। সম্প্রতি টুইটারের বেশ কিছু সুবিধা অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার পর এবার গুগল সার্চ ফলাফল থেকে টুইটার ব্যবহারকারীদের প্রোফাইল ও টুইট (টুইটারে দেওয়া বার্তা) দেখার সুযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। ফলে গুগলে সার্চ করে পাওয়া কোনো টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টে ক্লিক করলেই নিবন্ধন করার জন্য বার্তা দেখাচ্ছে টুইটার। তাই টুইটার অ্যাকাউন্ট ছাড়া কোনো ব্যবহারকারীর তথ্য দেখা যাচ্ছে না।
এত দিন গুগলে সার্চ করে নির্দিষ্ট ব্যক্তির বিভিন্ন তথ্য জানার পাশাপাশি টুইটার অ্যাকাউন্টের তথ্যও জানা যেত। ফলে সেই অ্যাকাউন্টের লিংকে ক্লিক করে সহজেই নির্দিষ্ট ব্যক্তির টুইটার প্রোফাইলসহ টুইটগুলো দেখার পাশাপাশি সেই টুইটে যুক্ত থাকা অন্য ব্যবহারকারীদের ফিরতি টুইটগুলোও দেখার সুযোগ মিলত। নতুন এ পরিবর্তনের ফলে এ সুযোগ আর পাওয়া যাচ্ছে না।
গুগলে সার্চে টুইটারের তথ্য না দেখানোর বিষয়টি স্বীকার করেছেন ইলন মাস্ক। এক টুইটে তিনি জানিয়েছেন, শত শত প্রতিষ্ঠান টুইটার ব্যবহারকারীদের তথ্য প্রদর্শন করছে। এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা প্রভাবিত হচ্ছে। যেসব প্রতিষ্ঠান টুইটারের তথ্য চুরি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের টুইট বার্তা লিংক আকারে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেন অনেকেই। নতুন এ সুবিধা চালুর ফলে সেই লিংকগুলোয় ক্লিক করে টুইটার প্রোফাইল বা টুইট দেখা যাবে না। ফলে অনেকেই টুইটার অ্যাকাউন্ট খুলতে বাধ্য হবেন। আর ব্যবহারকারীর সংখ্যা বাড়লে টুইটারে বিজ্ঞাপনের পরিমাণও বাড়বে।
সূত্র: নাইনটুফাইভগুগল ডটকম