এক দশক পর ইনস্টাগ্রামের লোগোর বড় পরিবর্তন, হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া
এক দশকের বেশি সময় পর ইনস্টাগ্রামের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে এবার বদলে গেছে অ্যাপের ওপরে থাকা ‘ইনস্টাগ্রাম’ নামের লেখার ধরন বা ওয়ার্ডমার্ক। দীর্ঘদিন পর এমন পরিবর্তন আনার পর ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন লোগো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ বলছেন, ইনস্টাগ্রামের পুরোনো নকশাই তাঁদের বেশি পছন্দ ছিল। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা কেউই এই পরিবর্তন চাইনি। আমরা ১০ বছর আগের ইনস্টাগ্রামে ফিরে যেতে চাই।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘যিনি এই পরিবর্তনের ধারণা দিয়েছেন, তাঁকে বরখাস্ত করা উচিত।’ তবে নতুন নকশার প্রশংসা করেছেন—এমন ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভালো করেছে ইনস্টাগ্রাম। নতুন ফন্টটি বেশ সুন্দর।’ আরেকজনের মন্তব্য, ‘আমার বেশ ভালো লেগেছে। এটি প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছে। সরল হলেও বেশ সৃজনশীল। একই সঙ্গে আধুনিক ও মিনিমালিস্ট।’
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বৃহস্পতিবার নতুন ওয়ার্ডমার্কের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৬ সালের পর অ্যাপের ওপরে থাকা ‘ইনস্টাগ্রাম’ লেখায় কোনো পরিবর্তন আনা হয়নি। এক দশক পর তাই ওয়ার্ডমার্কটিতে নতুনত্ব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডাম মোসেরি এক পোস্টে বলেন, ‘অ্যাপের ওপরে থাকা ওয়ার্ডমার্কটি ১০ বছর ধরে অপরিবর্তিত ছিল। তাই এতে পরিবর্তন আনার সময় এসেছে। নতুন নকশাটি আরও পরিচ্ছন্ন ও আধুনিক। এতে ইনস্টাগ্রামের শুরুর দিকের নকশার পাশাপাশি সেই সরলতা ও কারুকাজের ছাপ রাখা হয়েছে। এটি সব সময় ইনস্টাগ্রামের বৈশিষ্ট্য ছিল।’
মেটার ডিজাইনবিষয়ক ব্লগের তথ্য অনুযায়ী, শুধু ওয়ার্ডমার্ক নয়, ইনস্টাগ্রামের নিজস্ব ফন্ট ‘ইনস্টাগ্রাম স্যান্স’–এও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি দুটি নতুন ফন্ট যুক্ত করা হয়েছে। ‘ইনস্টাগ্রাম পেন’ ও ‘ইনস্টাগ্রাম মনো’। ‘ইনস্টাগ্রাম পেন’ দেখতে অনেকটা হাতে লেখার মতো, আর ‘ইনস্টাগ্রাম মনো’ তৈরি করা হয়েছে মনোস্পেস ধরনের লেখার জন্য। নতুন নকশা তৈরির পেছনের ভাবনা ব্যাখ্যা করেছেন ইনস্টাগ্রামের প্রোডাক্ট ডিজাইন পরিচালক জেসমিন প্রস্ট। তিনি বলেন, ‘হাতে লেখা অক্ষর ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রকাশ ঘটায়। তাই নকশায় এর ছাপ রাখা আমাদের কাছে যথাযথ মনে হয়েছে। নতুন ওয়ার্ডমার্কটি আরও মোটা ও সরল করা হয়েছে। এতে কিছুটা অপ্রত্যাশিত বৈশিষ্ট্যও রাখা হয়েছে।’
সূত্র: দ্য সান