কেন হ্যাকড হচ্ছে জনপ্রিয় কার্টুনিস্ট ও লেখকদের ফেসবুক পেজ

সাইবার হামলা হচ্ছে কার্টুন ও কার্টুনিস্ট–সংশ্লিস্ট পেজেকোলাজ

গত কয়েক দিনে বেশ কয়েকজন খ্যাতনামা কার্টুনিস্ট, লেখক ও কার্টুনভিত্তিক প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার খবর পাওয়া গেছে। যদিও হ্যাকাররা এখন পর্যন্ত কোনো অর্থ বা অন্য কোনো দাবি পেশ করেনি, যা এই হ্যাকিংয়ের উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে রহস্য।

আক্রমণের মুখে ‘উন্মাদ’ ও ‘ঢাকা কমিকস’

হ্যাকিংয়ের তালিকায় রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর অফিশিয়াল ফেসবুক পেজ। হ্যাকার চক্র বর্তমানে পেজটিকে নিষ্ক্রিয় করে রেখেছে। উন্মাদের সম্পাদক ও প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব জানান, শুধু উন্মাদের পেজই নয়, তাঁর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটিও হ্যাক করার চেষ্টা চালানো হয়েছিল। তবে মেয়ের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে সেটি রক্ষা করতে সক্ষম হন তিনি। অন্যদিকে, দেশের বড় কমিকস প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঢাকা কমিকস’-এর আট লাখ অনুসরণকারীর বিশাল পেজটিও হ্যাকারদের কবলে পড়েছিল। তবে সৌভাগ্যবশত পেজটি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

মেহেদী হকের পেজ এখনো নিয়ন্ত্রণের বাইরে

জনপ্রিয় কার্টুনিস্ট মেহেদী হক এই সাইবার আক্রমণের বড় শিকার। ১৬ এপ্রিলের পর থেকে তাঁর প্রায় ১ লাখ ৩২ হাজার অনুসরণকারীর ফেসবুক পেজটি হ্যাকারদের দখলে চলে যায়। বর্তমানে পেজটির ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। এ ঘটনায় তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মেহেদী হক ছাড়াও এই তালিকায় নাম এসেছে জনপ্রিয় কার্টুনিস্ট ও লেখক অনীক খান ও নাসরিন সুলতানা মিতুর। লেখক অনীক খানের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে হ্যাকাররা। অনীক খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি ফেসবুক থেকে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের বার্তা পাচ্ছিলেন। অর্থাৎ হ্যাকার চক্রটি ক্রমাগত তাঁর অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

সাধারণত বড় কোনো পেজ হ্যাক হলে হ্যাকাররা অর্থ দাবি করে কিংবা পেজটি ব্যবহার করে কোনো বিশেষ প্রচার চালায়। কিন্তু এবারের ঘটনায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কার্টুনিস্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত হ্যাকারদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা কোনো দাবিদাওয়া পেশ করা হয়নি। একযোগে শুধু কার্টুনিস্টদের নিশানা করায় শিল্পী সমাজ ও নেটিজেনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত কোনো সাইবার হামলা কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।