আইওএসের হালনাগাদ আনছে অ্যাপল
গত ২৭ মার্চ আইওএস অপারেটিং সিস্টেমের ‘আইওএস ১৬.৪’ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। সংস্করণটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হলেও অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’ ঠিকমতো কাজ না করার অভিযোগ করেন অনেক ব্যবহারকারী। বিষয়টি জানতে পেরে দুই সপ্তাহের মধ্যে ‘আইওএস ১৬.৪.১’ সংস্করণ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। কিন্তু নতুন সংস্করণ ব্যবহারের পরও আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করলেও শিগগিরই ‘আইওএস ১৬.৫’ সংস্করণ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপেল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইওএস ১৬.৫’ সংস্করণটি ১৫ মে উন্মুক্ত করতে পারে অ্যাপল। হালনাগাদ সংস্করণটিতে অ্যাপল নিউজ অপশনে মাই স্পোর্টস ট্যাব চালু করার পাশাপাশি ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’ কাজে লাগিয়ে মুখের কথায় পর্দার ভিডিও ধারণ করা যাবে।
উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। আইফোন ১৪-তে বিল্টইনভাবে থাকলেও পুরোনো সংস্করণের আইফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। আইফোনের সেটিংস অপশনে প্রবেশের পর সফটওয়্যার আপডেট মেনুতে ক্লিক করে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।
সূত্র: বিজিআর